নেপালে মদেশীয় অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ মাসের অবরোধের পর নেপালের দক্ষিণের সমতলের মদেশীয়রা ভারত-নেপাল সীমান্তে তাদের অবরোধ তুলে নিয়েছে। দেশটির নতুন সংবিধানের বিরোধিতা করেই এই অবরোধ করেছিল মদেশীয়রা। ইউনাইটেড ডেমোক্রেটিক মদেশি ফ্রন্ট (ইউডিএমএফ) গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, ‘দেশের সাম্প্রতিক সংকট এবং জনগণের আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিয়ে চলমান সাধারণ ধর্মঘট কর্মসূচি, সীমান্ত অবরোধ এবং সরকারি কার্যালয় বন্ধের মতো কর্মসূচি তুলে নেওয়া হলো। তবে আমাদের দাবি প্রত্যাহার না হলে এই অবরোধ আবার শুরু হবে।’ নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি ১৯ ফেব্রুয়ারি ভারত যাবেন। এই ঘোষণা আসার পরই এই অবরোধ প্রত্যাহার হলো। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে অলির এটাই হবে প্রথম বিদেশ সফর। ইউডিএমএফ অবশ্য বলেছে, জেলা সদরগুলোতে মশাল মিছিল, লাঠি মিছিল এবং গণস্বাক্ষর নেওয়ার কর্মসূচি বহাল থাকবে। নতুন সংবিধানে সাতটি নতুন প্রদেশ সৃষ্টির বিরোধিতা করে ভারতীয় বংশোদ্ভূত মদেশীয় সম্প্রদায় আন্দোলন শুরু করে। ভারত-নেপাল সীমান্তে অবরোধ সৃষ্টির ফলে ভারত থেকে খাদ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যাওয়া বন্ধ হয়ে যায়। চরম সংকটে পড়ে নেপাল। অবরোধ চলাকালে সংঘর্ষে এযাবৎ ৫৫ জনের প্রাণহানি ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া