নেপালের সংখ্যালঘু মদেশীয়দের দলগুলোকে নতুন জোট সরকারে আনতে নেপালি কংগ্রেস এবং মাওবাদী কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন) একটি কমিটি গঠনে একমত হয়েছে। কমিটিতে দুটি দল থেকে তিনজন করে প্রতিনিধি থাকবেন এবং জনজাতি ও মদেশীয়দের জোট ‘সংঘ গটবন্ধন’-এরও তিন প্রতিনিধি থাকবেন।
কমিটি নতুন সংবিধান নিয়ে মদেশীয়দের বিরোধিতার নিষ্পত্তির চেষ্টা করবে। গত শনিবার নেপালের দুই প্রধান দল এবং মদেশীয়দের বৈঠক অনুষ্ঠিত হয়। নেপালি কংগ্রেস এবং মাওবাদীরা মিলে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। গত সপ্তাহে কমিউনিস্ট পার্টি অব নেপালের (মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতৃত্বাধীন সরকার ভেঙে যায়। মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কে পি শর্মা অলি। তাঁর সরকারের প্রতি মদেশীয়দের ক্ষোভ ছিল। নেপালের সমতলের বাসিন্দা এ জনগোষ্ঠীর অভিযোগ, দেশটির নতুন সংবিধানে তাদের অধিকার রক্ষা করা হয়নি। সংবিধান সংশোধনের দাবিতে কয়েক মাস আগে নেপালজুড়ে সহিংস বিক্ষোভে নিহত হয় ৫০ জনের বেশি।
নতুন সরকার গঠন করতে যাওয়া মাওবাদী ও কংগ্রেস এখন ক্ষুব্ধ মদেশীয়দের কাছে পেতে চাইছে।