
নেপালে ভূমিকম্পের সাত দিন পর গত শনিবার ধ্বংসস্তূপের ভেতর থেকে ১০১ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার পুলিশ এ তথ্য জানায়। খবর এএফপির।
কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নুয়াকোট জেলা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং জানান, গত শনিবার ফুনচু তামাং নামের ওই বৃদ্ধকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভালো আছেন। বঁা পা ও হাত ছাড়া তাঁর শরীরে গুরুতর তেমন জখম নেই। বৃদ্ধের পরিবারের লোকজন তাঁর সঙ্গে আছেন।
গত ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডুর অনেকটাই বিধ্বস্ত হয়। অন্তত ২০টি দেশের উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল সেখানে ত্রাণবাহী বড় আকারের বিমান অবতরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির অর্থমন্ত্রী রাম শরন মাহাত।
কাঠমান্ডু বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের প্রধান রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ নিয়ে বড় আকারের বিমানের অবতরণ নিষিদ্ধ করা হয়েছে। ভূমিকম্পের পর ত্রাণ সহায়তা নিয়ে আসা বড় আকারের বিমানের একের পর এক অবতরণের ফলে প্রধান রানওয়েতে ফাটল দেখা দেয়। তাই ১৯৬ টনের বেশি ওজনের ত্রাণবাহী বিমানের অবতরণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি একজন কর্মকর্তা জানান, বড় আকারের বিমান অবতরণ নিষিদ্ধ করা হলেও ছোট আকারের বিমান ও হেলিকপ্টার অবতরণের কোনো বাধা নেই। তাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ত্রাণ সরবরাহে কোনো ব্যাঘাত ঘটবে না। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মহেন্দ্র সিং রাওয়াল জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই আবারও বড় আকারের বিমান অবতরণের অনুমতি দেওয়া হবে।
এদিকে কাঠমান্ডু বিমানবন্দর থেকে ত্রাণ দ্রুত বের করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর জন্য বিমানবন্দরের সরকারি আনুষ্ঠানিকতা কমিয়ে আনা হয়েছে। এর আগে ত্রাণ সরবরাহে গতি আনতে ওই আনুষ্ঠানিকতা কমিয়ে আনার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।
নেপালের সরকারি কর্মকর্তা গৌতম রিমাল জানান, রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ৭ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। তবে দেশটির অর্থমন্ত্রী রাম শরন মাহাত গতকাল আশঙ্কা প্রকাশ করেন, নিহতের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। ভূমিকম্প বিধ্বস্ত প্রত্যন্ত গ্রামগুলো থেকে এখনো পুরো তথ্য আসেনি। কিন্তু ওই এলাকাগুলোর পরিস্থিতি ভয়াবহ। কোনো কোনো এলাকায় এখনো পৌঁছানোই সম্ভব হয়নি। এর আগে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আশঙ্কা করেছিলেন, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। নেপাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লক্ষ্মী ধাকাল গতকাল বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়লেও কেউ যদি বায়ু যাতায়াত করতে পারে এমন কোথাও আটকা পড়ে, তাহলে জীবিত উদ্ধার করা সম্ভব হতে পারে। কিন্তু সেটা না হলে আর কাউকে জীবিত উদ্ধারের আশা করা যায় না।