নেপালে সংবিধান সংশোধনী বিল উত্থাপন হবে শনিবার
নেপালের বিতর্কিত নতুন সংবিধানের প্রথম সংশোধনী বিল আগামী শনিবার অনুমোদন করতে রাজি হয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। সংবিধান সংশোধনের জন্য আন্দোলনরত দেশটির সংখ্যালঘু মদেশিদের সঙ্গে কোনো চুক্তি হোক কিংবা না হোক, তবু বিলটি উত্থাপন করা হবে। খবর কাঠমান্ডু পোস্টের।
গত ১৫ ডিসেম্বর নেপালের পার্লামেন্টে ওঠানো হয় সংবিধান সংশোধনী বিলটি। এরপর সংশোধনী প্রক্রিয়াকে বিলম্বিত করে দুই সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়। মূলত আন্দোলনরত সংযুক্ত লোকতান্ত্রিক মদেশি মোর্চার সঙ্গে চুক্তিতে পৌঁছার জন্যই তা পেছানো হয়।
গত মঙ্গলবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্পিকার অনসারি ঘারতির বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবিধান সংশোধনী নিয়ে আজ বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হবে। আগামী শনিবার ভোটাভুটির জন্য বিলটি উত্থাপন করা হবে। এ বিষয়ে ইউসিপিএনের (মাওবাদী) চিফ হুইপ হিট রাজ পান্ডে বলেন, শনিবারের আগে বিক্ষুব্ধ দলগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছালে সংশোধিত প্রস্তাব উত্থাপিত হবে, অন্যথায় বর্তমান সংবিধান সংশোধনী বিলটিই পাস হয়ে যাবে। তিনটি ধারায় সংশোধন চাওয়া হয়েছে এতে। এগুলোর বেশির ভাগেই মদেশিদের দাবিদাওয়ায় জোর দেওয়া হয়েছে।
নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, ইউসিপিএন (মাওবাদী) ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-নেপাল (আরপিপি-এন) দরদস্তুরের জন্য এসএলএমএম দলকে আরও দুই দিন সময় দিতে রাজি হয়েছে।
গত সেপ্টেম্বরে নেপালে বহুল প্রতীক্ষিত নতুন সংবিধান গৃহীত হয়। এর আওতায় দেশটিকে সাতটি প্রদেশে বিভক্ত করা হয়। তবে দেশটির দক্ষিণাঞ্চলের সমতলের সংখ্যালঘু থারু ও মদেশি সম্প্রদায় পৃথক প্রদেশের দাবিতে মাঠে নামে। তাদের অভিযোগ, নতুন প্রদেশের সীমা তাদের সেখানে সংখ্যালঘু করে পাহাড়িদের প্রাধান্য সৃষ্টি করেছে। সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে গত আগস্ট থেকে সরকারবিরোধী বিক্ষোভে নেপালে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছে।