নেপালে সংবিধানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে আট পুলিশসহ নিহত ১১
নেপালে গতকাল সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আট সদস্য নিহত হয়েছেন। প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলীয় দুর্গম কায়লালি জেলায় বিক্ষোভকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই অঞ্চলে সেনা পাঠানো হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। খবর এএফপির।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সংঘর্ষে কমপক্ষে তিনজন বিক্ষোভকারীও নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাজার বিক্ষোভকারী বল্লম, কুড়াল ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
কাঠমান্ডুতে পুলিশের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক হেমন্ত বাহাদুর পাল বলেন, ‘এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি, সাতজন পুলিশ সদস্য মারা গেছেন।’
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধকল বলেন, ‘সংঘর্ষে আমি জানতে পেরেছি, আধা সামরিক বাহিনীর দুই সদস্যসহ আমাদের নিরাপত্তাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। বিকেল চারটা থেকে ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।’
সাতটি প্রদেশ গঠন করে নেপালকে ফেডারেল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে গত রোববার দেশটির পার্লামেন্টে নতুন জাতীয় সংবিধান উপস্থাপন করা হয়। বিক্ষোভকারীরা বলছে, নতুন সংবিধানে অভ্যন্তরীণ নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে ঐতিহাসিকভাবে প্রান্তিক সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে। সংখ্যালঘু থারু আদিবাসীরা নিজেদের পৃথক প্রদেশের দাবিতে বিক্ষোভের সময় গতকালের সহিংসতার ঘটনাটি ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাম দেব গৌতম পার্লামেন্টে বলেন, রাজধানী কাঠমান্ডু থেকে ৪২০ কিলোমিটার পশ্চিমের শহর টিকাপুরে গতকাল বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা নিষিদ্ধঘোষিত এলাকায় ঢুকে পড়ে এবং সরকারি ভবনে ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। তখন বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলে ছুরি, কাস্তে, কুড়াল ও বল্লম নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
নিহতের সংখ্যা বাড়তে পারে জানিয়ে জেলার উপপ্রধান উদয় বাহাদুর সিং ঠাকুরি বলেন, ‘বিক্ষোভকারীদের তিনজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’
পৃথক প্রদেশের দাবিতে বিক্ষোভরত থারু সম্প্রদায়ের সদস্য আইনপ্রণেতা গঙ্গা চৌধুরী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অবিভক্ত থারু প্রদেশের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি কানে তুলছে না। সহিংসতার ঘটনাটি দুঃখজনক। সরকার আমাদের দাবি আমলে নিলে পরিস্থিতি শান্ত হয়ে আসবে।’