নেপালে সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর প্রস্তাব সুষমার
নেপালের পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত থেকে একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নেপালের পরিস্থিতি নিয়ে এক দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এই প্রস্তাব দেন।
সুষমা স্বরাজ বলেন, সভার মনোভাব সরকারকে দিশা দেবে। সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাবটি আগামী সোমবার বিবেচিত হবে।
নেপালের নতুন সংবিধানকে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী তরাই অঞ্চলে মদেশীয়দের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। দীর্ঘ অবরোধের ফলে নেপালের জনমনেও ভারত সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের জবাবে সুষমা বলেন, ভারত সফররত নেপালের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী কমল থাপার সঙ্গে গত বুধবার তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে। কমল থাপা তাঁকে জানিয়েছেন, বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে সরকারের আলোচনায় অগ্রগতি হচ্ছে। ভারতের আশা, এই আলোচনার মধ্য দিয়ে নেপালের রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধান হবে। সুষমা বলেন, সে জন্য ভারত সবাইকেই উৎসাহ দিয়ে চলবে।
সুষমা বলেন, নেপালের এই রাজনৈতিক সমস্যার সমাধান বিশ্বাসযোগ্য ও কার্যকরভাবে করতে হবে নেপালের রাজনৈতিক দল ও জনগণকেই। নেপালকে ভারত একটা স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়। বর্তমান সংকটের সমাধানে ভারতের উদ্যোগও এই নীতির সঙ্গে সংগতিপূর্ণ। তিনি বলেন, এই নীতির প্রতি দেশের সব রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন রয়েছে, যেমন রয়েছে নেপালবাসীর প্রতি অসীম শুভেচ্ছা।