নেপালে সহিংস বিক্ষোভ, পুলিশসহ নিহত ৬
নেপালের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে চলমান সহিংস বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও পাঁচজন বিক্ষোভকারী রয়েছেন।
আজ শনিবার বার্তা এএফপির খবরে জানানো হয়, গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের একজন কর্মকর্তা নিহত হন। এর পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে পাঁচজন বিক্ষোভকারী নিহত হন।
দেশটির পুলিশের মুখপাত্র কামাল সিং বাম বলেন, গতকাল সহিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে ওই পাঁচ বিক্ষোভকারী নিহত হন। এঁদের মধ্যে মাহোত্তারি জেলার দুজন ও ধানুসা জেলার তিনজন রয়েছেন। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও নিহত হন।
আর্মড পুলিশের মুখপাত্র পুষ্পরাম কেসি বলেন, গতকাল সহিংস বিক্ষোভকারীরা মাহোত্তারি এলাকায় কর্তব্যরত অবস্থায় পুলিশের এক কর্মকর্তাকে বেদম মারধর করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেড় শতাধিক বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। তাঁরা আহত পুলিশ কর্মকর্তাকে ছুড়ে ফেলে দিয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়। এতে ওই আহত পুলিশ কর্মকর্তা মারা যান।
২০০৬ সালে নেপালে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। বর্তমানে দেশটি একটি সংবিধান প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এর আওতায় দেশটিকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে। তবে দেশটির দক্ষিণাঞ্চলের সংখ্যালঘু থারু ও মদেশীয়রা সম্প্রদায় পৃথক প্রদেশের দাবিতে মাঠে নেমেছে। এ নিয়ে সংঘাতে এখন পর্যন্ত শিশু ও পুলিশসহ ৪২ জনের প্রাণহানি ঘটেছে।