নেপালের জন্য সব ধনই দিল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছরের আকাশ মুখার্জি। ছবি: বিবিসির সৌজন্যে
১২ বছরের আকাশ মুখার্জি। ছবি: বিবিসির সৌজন্যে

কলকাতার শিশু আকাশ মুখার্জি। বয়স ১২। ছোট্ট একটা মাটির ব্যাংক ছিল তার। ওতে রোজই কয়েন জমাত। ফেলত আস্ত নোট। শখ ছিল একটা ফুটবল কিনবে, বাবা-মাকে দেবে পছন্দের উপহার। নেপালের প্রলয়ংকরী ভূমিকম্প দিল সব এলোমেলো করে। সাত হাজারের বেশি মানুষ মরেছে সেখানে। ১৪ হাজারের বেশি মানুষ আহত। টিভিতে তাদের দুর্দশার চিত্র দেখে মন কাঁদে আকাশের। ঠিক করে, জমানো সব ধনই দিয়ে দেবে ওদের সহায়তায়। 

বাবা-মায়ের সঙ্গে মাটির ব্যাংকসহ হাজির হয় সে নেপালের কনস্যুলেট দপ্তরে। আকাশের বাবা বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা গোরা মুখার্জি বলেন, সেখানেই ব্যাংকটি ভেঙে কয়েন আর নোট গোনা হয়। এতে কনস্যুলেটের কর্মকর্তাদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। কম তো নয়, সাড়ে তিন হাজার রুপি। তিনি বলেন, ‘কনসাল বের হয়ে এসে আমার ছেলেকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, এই ছোট্ট শিশুটি কত টাকা দিচ্ছে, তা বড় কথা নয়। এই বয়সী একটি শিশু যে এই সমস্যা নিয়ে ভাবছে, এটাই বড় কথা।’

নেপালের কনস্যুলেট দপ্তরে ব্যাংকটি ভেঙে চলছে কয়েন আর নোট গোনা। আর ​এই কর্ম শেষ করতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি সময়। ছবি:  বিবিসির সৌজন্যে
নেপালের কনস্যুলেট দপ্তরে ব্যাংকটি ভেঙে চলছে কয়েন আর নোট গোনা। আর ​এই কর্ম শেষ করতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি সময়। ছবি: বিবিসির সৌজন্যে



আকাশ বিবিসিকে জানায়, প্রায় দুবছর ধরে টিফিনের টাকা আর স্বজনদের কাছ থেকে পাওয়া কয়েন জমিয়েছে সে। ওর কথা, টিভিতে ওর বয়সী শিশুদের ক্ষুধায় কষ্ট করতে দেখে এবং খোলা আকাশের নিচে দিন কাটাতে দেখে আর থাকতে পারেনি। সে তখন জমানো পুরো টাকাই নেপালে ভূমিকম্প দুর্গত মানুষের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নেপালি কনসাল ওই টাকা রাখেননি। তিনি তা ব্যাংকের নির্দিষ্ট ত্রাণ তহবিলে দিতে অনুরোধ করেন।

আকাশের বাবা বলেন, ‘কনসাল এই অর্থ ব্যাংকে জমা দিতে অনুরোধ করেন । আমরা যখন ব্যাংকে পৌঁছাই, তখন সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। ব্যাংক কর্মকর্তা আমাদের উদ্দেশ্য জেনে অনেক সহযোগিতা করেন।’ 

এরই মধ্যে নতুন ব্যাংক উপহার পেয়ে কয়েন জমাতে শুরু করেছে আকাশ। ছবি: বিবিসির সৌজন্যে
এরই মধ্যে নতুন ব্যাংক উপহার পেয়ে কয়েন জমাতে শুরু করেছে আকাশ। ছবি: বিবিসির সৌজন্যে


মানুষের কল্যাণে আকাশ যে এবারই প্রথম এমন সহায়তা করল, তা নয়। এর আগে আকাশ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিল। সেখান থেকে পাওয়া অর্থ মাদার তেরেসার কল্যাণমুখী দাতব্য খাতে দান করে।

আকাশের মা মনীষা মুখার্জি বলেন, ‘আকাশ তার পঞ্চম জন্মদিন থেকে মানুষকে সহযোগিতা করে আসছে। আমরা শৈশব থেকে তার মধ্যে দরিদ্র ব্যক্তিদের সহায়তা করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি।’ 

আকাশকে এরই মধ্যে একটি মাটির ব্যাংক উপহার দেওয়া হয়েছে। সে আবারও জমাতে শুরু করেছে।