নেপালের জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার মাওবাদীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ক্ষমতাসীন জোট সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মাওবাদীরা। এর ফলে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকারের আর সংখ্যাগরিষ্ঠতা রইল না। এটি অলি সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নেপালের পার্লামেন্টের ৫৭৫টি নির্বাচিত আসনের মধ্যে মাওবাদীদের আসনসংখ্যা ৮০। আর প্রধানমন্ত্রী অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (সমন্বিত মার্ক্সবাদী-লেনিনবাদী) আসনসংখ্যা ১৭৫। সরকার টিকিয়ে রাখতে হলে ২৯৯ আসন প্রয়োজন।

মাওবাদীরা বলেছে, তারা ‘জাতীয় ঐক্যের’ একটি সরকার গড়তে চায়। তারা গত সেপ্টেম্বরে গৃহীত দেশটির নতুন সংবিধান বাস্তবায়ন করারও ইচ্ছা প্রকাশ করেছে। গত বছরের অক্টোবরে অলির জোট সরকারে যোগ দেয় মাওবাদীরা।

নেপালের জোট সরকারে ভাঙনের পদধ্বনি শোনা যায় মাস দুয়েক আগে থেকে। মাওবাদীরা সে সময় অলি সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছিল। তবে গতকাল অলি সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো হুমকি না দিয়ে মাওবাদী নেতা পুষ্পকমল দহল সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, দশকব্যাপী মাওবাদী লড়াইয়ের সময় যেসব মামলা করা হয়েছিল, তা প্রত্যাহারের চুক্তি হয়। কিন্তু সরকার সেই চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এ ছাড়া মাওবাদীদের সঙ্গে লড়াইয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণার প্রতিশ্রুতিও রক্ষা করেনি সরকার। দহল বলেন, ‘নয় দফা চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার মোটেও প্রস্তুত নয়। এই সরকারে থাকাটা তাই আমাদের জন্য অনুচিত।’

মাওবাদী এই নেতা বলেন, চুক্তি এবং নতুন সংবিধান বাস্তবায়নে একটি ঐকমত্যের সরকার দরকার। আরেক মাওবাদী নেতা জনার্দন শর্মা বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চায় মাওবাদীরা।

নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে দেশব্যাপী তৈরি হওয়া গণ-অসন্তোষ প্রশমনে সঠিক ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী অলির ব্যাপক সমালোচনা রয়েছে। দেশের সংখ্যালঘু মদেশীয়রা সংবিধান সংশোধনের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়।