নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলায় উত্তেজনা
নেপালের পশ্চিমাঞ্চলীয় দুর্গম কায়লালি জেলায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষে হতাহতের ঘটনার পরদিন আজ মঙ্গলবার সেখানে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত সদস্য টহল দিচ্ছেন।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে গতকাল সোমবার ওই জেলায় সহিংস বিক্ষোভ হয়। এতে এক শিশুসহ সাত পুলিশ নিহত হয়।
গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে সেনা মোতায়েন করে সরকার। জেলার অংশবিশেষে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
সাতটি প্রদেশ গঠন করে নেপালকে ফেডারেল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে গত রোববার দেশটির পার্লামেন্টে নতুন জাতীয় সংবিধান উপস্থাপন করা হয়।
বিক্ষোভকারীদের ভাষ্য, নতুন সংবিধানে অভ্যন্তরীণ নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে ঐতিহাসিকভাবে প্রান্তিক সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে।
সংখ্যালঘু থারু আদিবাসীদের নিজেদের পৃথক প্রদেশের দাবিতে বিক্ষোভের সময় গতকাল সহিংসতার ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডু থেকে ৪২০ কিলোমিটার পশ্চিমের শহর টিকাপুরে গতকাল বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।