নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি গতকাল রোববার বিকেলে আস্থা ভোটের মাত্র কয়েক মিনিট আগে পদত্যাগ করেছেন। জোটভুক্ত দলগুলো একের পর এক সমর্থন প্রত্যাহার করায় এ ভোটে তাঁর সরকার হেরে যাবে বলে মনে করা হচ্ছিল।
ভোট শুরুর কয়েক মিনিট আগে দেওয়া বক্তব্যে অলি বলেন, ‘পার্লামেন্ট ভবনে আসার আগে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি।’
জোটের শরিক দলগুলোর অভিযোগ, ক্ষমতা ভাগাভাগি নিয়ে জোটের মধ্যে যে চুক্তি হয়েছিল অলি তা মানেননি। গত নির্বাচনে ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (মার্কসিস্ট-লেনিনিস্ট) জয়ের পর মাওবাদী নেপালি কংগ্রেস, মদেশী জনাধিকার ফোরাম ডেমোক্রেটিক (এমজেএফ-ডি) এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সঙ্গে জোট গঠন করে।