নেপালের ভূমিকম্পে হিমালয়ে পরিবর্তন
নেপালে ২৫ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে হিমালয় পর্বতমালার একটি অংশের উচ্চতা প্রায় এক মিটার কমে গেছে। তবে টেকটোনিক তৎপরতার ফলে ধীরগতিতে হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূকম্পনজনিত ওই পরিবর্তনের ভারসাম্য অনেকটা ঠিক হয়ে যাবে। একাধিক দেশের বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন হয়েছে কি না, তা জানতে কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে তোলা বিভিন্ন ছবি বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা। এভারেস্টের সুনির্দিষ্ট উচ্চতা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বিভাগের গবেষক রিচার্ড ব্রিগস বলেন, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পর্বতমালার লাংতাং হিমাল অংশটির উচ্চতা কমেছে।
লাংতাং এলাকায় এখনো স্থানীয় বহু মানুষ এবং পর্বতারোহী নিখোঁজ রয়েছে। কয়েক দফায় সেখান থেকে শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার ওই ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও ভূমিধসে তাদের মৃত্যু হয়েছে।
বিজ্ঞানীদের ধারণা, লাংতাংয়ের পশ্চিমে অবস্থিত গণেশ হিমালসহ হিমালয়ের আরও কয়েকটি পর্বতচূড়ার উচ্চতা সম্ভবত কমেছে। স্যাটেলাইটের ছবিগুলোতে এখন পর্যন্ত তাঁরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালের মধ্যাঞ্চলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এভারেস্টের অবস্থান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মূল এলাকাটির পূর্বে। বিজ্ঞানীরা বলছেন, সর্বোচ্চ এ পর্বতচূড়ার অবস্থান কয়েক সেন্টিমিটার বদল হয়েছে কি না নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু ভূতাত্ত্বিক জরিপ, জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি অথবা উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত জরিপের সহায়তা নিতে হবে।