নেপালের ভূমিকম্পের ক্ষত দরবার স্কয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্ত কাঠ দিয়ে ঠেক দেওয়া হয়েছে প্রাচীন এই মন্দিরে। ছবি: পার্থ শঙ্কর সাহা
শক্ত কাঠ দিয়ে ঠেক দেওয়া হয়েছে প্রাচীন এই মন্দিরে। ছবি: পার্থ শঙ্কর সাহা

হিমালয়কন্যা বৃষ্টি দিয়েই শুভেচ্ছা জানাল। গতকাল রোববার বেলা একটা নাগাদ নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছালাম। বিমানবন্দরে ভিসার কাজ সারতেই তুমুল বৃষ্টি। আকাশে থাকতে উড়োজাহাজের সঙ্গে মেঘের মল্লযুদ্ধ দেখেছি। সে মেঘ এখন বৃষ্টি হয়ে ঝরল।

বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠান টাইগার আইটির একটি প্রকল্প শুরু হচ্ছে নেপালে। এ উপলক্ষে এ দেশে আসা।

ভাঙা স্থাপনা নির্মাণের কাজ চলছে। ছবি: পার্থ শঙ্কর সাহা
ভাঙা স্থাপনা নির্মাণের কাজ চলছে। ছবি: পার্থ শঙ্কর সাহা

দূরের বাংলাদেশ থেকে গত কয়েক বছরে হিমালয়ের এ দেশটির বিরামহীন রাজনৈতিক অস্থিরতার খবর পেয়েছি। তা ছাপিয়ে ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্প দেশটিকে মহাবিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। প্রায় নয় হাজার মানুষের জীবন গেছে। আহত ২২ হাজার মানুষ। সেই ভয়াবহতার চিহ্ন এখনো স্পষ্ট টের পেলাম কাঠমান্ডু দরবার স্কয়ারে।

পুরোনো কাঠমান্ডুর প্রাণকেন্দ্র ছিল ইউনেসকোর এই বিশ্ব ঐতিহ্য দরবার স্কয়ার। প্যাগোডার আদলে অনেক বৌদ্ধ আর হিন্দু মন্দির, প্রাচীন রাজাদের তৈরি নানা ভবনের সমাবেশ এখানে। একটু পরপর দাঁড়িয়ে থাকা একেকটি মন্দির ও ভবন যেন ইতিহাসের একেকটি সাক্ষী। স্মরণ করতে পারি, মন্দিরের নয়নাভিরাম কারুকাজ, জানা-অজানা নানা দেবদেবীর মূর্তি, কোনোটাতে চলা পূজা-অর্চনা—এসব প্রবল টেনেছিল প্রথম দেখার পর থেকে। ভূমিকম্প যে এসব লন্ডভন্ড করেছিল, তার খবর আগেই জানি। ছবিও দেখেছি।

ভাঙা ইটগুলো ভূমিকম্পের ধ্বংসের চিহ্ন বহন করছে। ছবি: পার্থ শঙ্কর সাহা
ভাঙা ইটগুলো ভূমিকম্পের ধ্বংসের চিহ্ন বহন করছে। ছবি: পার্থ শঙ্কর সাহা

এখানে এসে দেখি, মন্দিরের সামনে ইটের স্তূপ, কাঠ ও লোহার খুঁটি দিয়ে কোনো ভবন ঠেকা দেওয়া, ভবনের কোনোটিতে ফাটলের চিহ্ন এখনো স্পষ্ট। নেপাল সংস্কৃত মহাবিদ্যালয়মুখী বিশাল ভবনটি হাঁ হয়ে ধ্বংসের জানান দিচ্ছে। এখানেই পেলাম উচ্চমাধ্যমিক শেষ করা আকৃতি গুরুংকে। কাঠমান্ডুর অন্নপূর্ণা উচ্চমাধ্যমিক স্কুলে পড়া মেয়েটি ভবনটি দেখিয়ে বলল, ‘দেখুন, এখানে যে ধ্বংসের চিহ্ন দেখছেন, আমাদের মনের অবস্থাও এমন। ছোটবেলা থেকে এই এলাকা দেখছি। এখন এলে কান্না পায়।’

আকৃতির বন্ধু ন্যাশনাল ইন্টিগ্রেটেড কলেজের ছাত্র রাজন বাসকোট ২৫ এপ্রিলের ধ্বংসলীলার দিন ছিল পাহাড়ে, ট্রেকিংয়ে। ছেলেটি স্কাউটিংয়ের সঙ্গে জড়িত। পাহাড়ে প্রবল কম্পন অনুভব করেছে। ভূমিকম্পের পরপরই ফিরে আসে কাঠমান্ডুতে। বলল, ‘এখন অনেক মন্দির বা ভবন দেখছেন দাঁড়িয়ে আছে। আমি এসব পুরো ধসে যাওয়া অবস্থায় দেখেছি। অনেক লাশ সরিয়েছি নিজ হাতে। এরপর অনেক দিন রাতে ঘুমাতে পারিনি।’

তিন বন্ধু সংস্থা, আকৃতি ও রাজন মিলে দেখতে এসেছে দরবার স্কয়ার। ছবি: পার্থ শঙ্কর সাহা
তিন বন্ধু সংস্থা, আকৃতি ও রাজন মিলে দেখতে এসেছে দরবার স্কয়ার। ছবি: পার্থ শঙ্কর সাহা

দ্বাদশ থেকে অষ্টাদশ শতক ধরে তিলে তিলে গড়ে উঠেছে দরবার স্কয়ার। বিশ শতকের প্রথম দিক পর্যন্ত নেপালের রাজার বাসগৃহ ছিল এখানে। পরে তা অন্যত্র চলে যায়। নেপালের নানা উৎসবের প্রাণকেন্দ্র আজও এই দরবার স্কয়ার। ইন্দ্রযাত্রা, দাশাইন গাইযাত্রার মতো উৎসবে এখানে নামে মানুষের ঢল। একে তাই অনেকেই বলেন ‘জীবন্ত জাদুঘর’।

দরবার স্কয়ারের কালভৈরবের মূর্তিটির পাশে চলছে আরাধনা। মোমবাতি জ্বলছে চারদিকে, ধূপের গন্ধ আবেশ তৈরি করেছে। মন্দিরের উল্টো দিকে চলছে ধর্মীয় গান। সেখানেই দেখা পেলাম নিশা রায়কে। কলেজের এই শিক্ষার্থী বললেন, ‘ভূমিকম্পের পর প্রথম এখানে এসে কেঁদে ফেলেছিলাম।’

ভেঙে যাওয়া দরবার স্কয়ার সংস্কারের কাজ চলছে। ছবি: পার্থ শঙ্কর সাহা
ভেঙে যাওয়া দরবার স্কয়ার সংস্কারের কাজ চলছে। ছবি: পার্থ শঙ্কর সাহা

ভূমিকম্পের পর পর্যটননির্ভর নেপালের অন্যতম আকর্ষণীয় স্থানটির সংস্কারে শুরু হয় ব্যাপক তৎপরতা। এলাকাজুড়ে সেই চেষ্টার দৃশ্য চোখে পড়ে। চীন ও জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তায় চলছে এসব কাজ। এমন নির্মীয়মাণ একটি ভবনের সামনে প্রহরায় আছেন নেপাল মিলিটারি পুলিশের সদস্য বীরেন্দ্র। তিনি জানান, ২৫ এপ্রিলের দুর্যোগের দিনও তাঁর ডিউটি ছিল এখানে। বললেন, ‘প্রথমে ভেবেছিলাম কেউ বোমা মেরেছে। দেখলাম, ভবনগুলো পড়ে যাচ্ছে শুধু। আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম। আগের দরবার স্কয়ারের সঙ্গে এখনকার কোনো তুলনা নেই।’