নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশীল কৈরালা
সুশীল কৈরালা

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ সুশীল কৈরালা মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে ৭৭ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। চিকিৎসকেরা বলেছেন, নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। খবর এএফপির।
সুশীল কৈরালা ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির জন্য খসড়া সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০১০ সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের। বিমান ছিনতাইয়ে সহযোগিতার জন্য একসময় জেল খাটার অভিজ্ঞতাও ছিল নেপালের দীর্ঘ সময়ের এই রাজনীতিবিদের।
সুশীল কৈরালার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি ও তাঁর রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের দপ্তরে গতকাল জড়ো হতে দেখা যায় শত শত কর্মকর্তা, মন্ত্রী ও বিরোধী দলের আইনপ্রণেতাদের। তাঁর সম্পর্কে বলতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেন, ‘নেপালের রাজনীতিতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। সংবিধান প্রণয়ন এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য নেপালিরা সব সময় তাঁকে স্মরণ রাখবে।’