ন্যায়বিচারে বিলম্বের কথা স্বীকার পুষ্পকমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ায় কয়েকজন মাওবাদী গেরিলা l ফাইল ছবি
মহড়ায় কয়েকজন মাওবাদী গেরিলা l ফাইল ছবি

নেপালে রক্তক্ষয়ী মাওবাদী বিদ্রোহের সমাপ্তির শান্তিচুক্তি সম্পাদনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল স্বীকার করেছেন, ওই লড়াইয়ে ক্ষতির শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দেরি হয়েছে।
প্রধানমন্ত্রী দহল দশকব্যাপী মাওবাদী লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি শনিবার এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যই নেপালে ওই মাওবাদী লড়াইয়ের সময়কার নিপীড়ন-নির্যাতনের বিচারে দেরি হচ্ছে। সময়মতো এটা শেষ করতে পারলেই ভালো হতো।
ওই বিদ্রোহে অন্তত ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। আর নিখোঁজ হয় ১ হাজার ৩০০ জন। ২০০৬ সালে লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত বহু মানুষ বাড়িছাড়া হয়েছিল। শান্তিচুক্তি সম্পাদনের মধ্য দিয়ে ওই বছর মাওবাদী বিদ্রোহীরা মূলধারার রাজনীতিতে ফিরে আসে। এতে দেশটির ২৪০ বছরের পুরোনো হিন্দু রাজতন্ত্রের অবসান ত্বরান্বিত হয় এবং দেশটি একটি সেক্যুলার প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এরপর হিমালয় অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশটিতে পরপর নয়টি সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক দলগুলোতে বিভেদের কারণেই সেখানে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটছে। নতুন একটি সংবিধান প্রণয়নের ব্যাপারে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারছে না।
২০০৬ সালের শান্তিচুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধকালীন অপরাধ কর্মকাণ্ড তদন্তের জন্য দুটি কমিশন গঠন করার কথা। তবে রাজনৈতিক ডামাডোলে বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর ২০১৪ সালে ওই কমিশনগুলো গঠন করা হয়। প্রধানমন্ত্রী দহল বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আইন সংশোধন এবং কমিশনগুলোর কাজে গতি আনতে একটি ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছেন।
দুই কমিশনের কাছে অন্তত ৬০ হাজার মানুষ নিজেদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে অভিযোগ করেছেন। কমিশনের দুই বছরের মেয়াদ আর তিন মাস পরেই ফুরাবে। ফলে তাঁদের ন্যায়বিচার আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।