নয় কুকুর ফেলে এলেন পার্ক গিউন

পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো অভিযোগ করেছে, বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হে তাঁর পোষা প্রাণীগুলোকে প্রেসিডেন্টের বাসভবন ‘ব্লু হাউস’-এ ফেলে এসেছেন। এ ঘটনায় ওই সংগঠনগুলো পার্ক গিউন-হের বিরুদ্ধে মামলা করেছে।
দুর্নীতি কেলেঙ্কারিকে কেন্দ্র করে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত গিউন-হেকে বরখাস্ত করেন। এর কয়েক দিন পর তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করা হলো। আজ বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পার্কের প্রতিবেশীরা তাঁকে এক জোড়া ‘জিন্ডোস’ নামের কোরীয় শিকারি কুকুর দেন। প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউসের মুখপাত্র কিম ডং জো বলেন, ওই কুকুর দুটি সম্প্রতি সাতটি ছানার জন্ম দেয়। ছানাগুলো এতটাই ছোট যে মায়ের থেকে তাদের আলাদা করার সময় আসেনি। তিনি বলেন, নতুন মালিকের কাছে পাঠানোর মতো বয়স হওয়া পর্যন্ত কুকুরগুলোকে প্রেসিডেন্টের বাসভবনেই রাখা হবে। গত রোববার ব্লু হাউস ত্যাগ করার আগে পার্ক কুকুরগুলোর দেখাশোনা করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বলে যান।
তবে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে কাজ করা সংগঠনগুলোর জোটের নেতা কিম আ রা বলেছেন, পশুদের প্রতি নিষ্ঠুর আচরণের জন্য তারা দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন ও সিভিল রাইটস কমিশনে মামলা করেছেন।
ওই কমিশন মামলাটি জাতীয় পুলিশ সংস্থার কাছে স্থানান্তর করেছে। কীভাবে এ মামলাটি পুলিশ সংস্থা পরিচালনা করবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।