পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া আজ শুক্রবার সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর দাবি করেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছ থেকে বড় ধরনের ভূকম্পন শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় পিয়ংইয়ং দাবি করে, নতুন করে উদ্ভাবিত পারমাণবিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এটি সফল হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভাষ্য, আজকের পরীক্ষাটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা।

উত্তর কোরিয়া সত্যিকার অর্থেই পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রগতি অর্জন করেছে বলে এই ঘটনায় আশঙ্কা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ড আত্মবিধ্বংসী। পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর প্রবল হঠকারিতা দেখিয়েছেন। এই পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক ও জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে কথা বলেছেন। পিয়ংইয়ংকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ওবামা।

জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার এই ধরনের পারমাণবিক পরীক্ষা বরদাশত করা হবে না।

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার তীব্র বিরোধিতা করেছে চীন।

যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ভূতাত্ত্বিক সংস্থাগুলো আজ সকালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ তীব্রতার ভূকম্পন শনাক্ত করে। এরপরই সন্দেহ হয়, পিয়ংইয়ং পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, ব্যাপক ভূকম্পনটি কৃত্রিম ছিল।

অতীতেও সংশ্লিষ্ট এলাকায় প্রায় কাছাকাছি তীব্রতার একাধিক ভূকম্পনের পর দেখা যায়, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং।