পটেটো চিপসের কৌটায় কিং কোবরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিপসের কৌটায় বিষধর কিং কোবরা (টুইটার থেকে নেওয়া ছবি)
চিপসের কৌটায় বিষধর কিং কোবরা (টুইটার থেকে নেওয়া ছবি)

পটেটো চিপসের মাঝারি আকারের কৌটায় জ্যান্ত কিং কোবরা পাওয়া গেছে। তা-ও একটি নয়, তিন তিনটি। বিষধর এই সাপগুলো হংকং থেকে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে গত মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ তিনটি হংকং থেকে চিপসের কৌটায় করে ক্যালিফোর্নিয়ায় পাচার করা হয়। সাপসহ কয়েকটি কৌটার একটি প্যাকেজ হংকং থেকে ক্যালিফোর্নিয়ার রদ্রিগো ফ্রাঙ্কো (৩৪) নামের এক ব্যক্তির ঠিকানায় এসেছে। ওই প্যাকেজে পৃথক কৌটায় তিনটি কচ্ছপও পাওয়া গেছে। সাপ ও কচ্ছপ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে রদ্রিগোর বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস এজেন্টরা প্রথমে রদ্রিগোর বাড়িতে শুধু কচ্ছপগুলো পাঠায়। পরে তল্লাশির পরোয়ানা নিয়ে রদ্রিগোর বাড়িতে তল্লাশি চালায়। সেখানে একটি ট্যাংকের মধ্যে কুমিরছানার সন্ধান মেলে। পাওয়া যায় আরও কিছু প্রাণীর ছানা।

জিজ্ঞাসাবাদে রদ্রিগো স্বীকার করেছেন, তাঁর কাছে এর আগে দুটি চালানে মোট ২০টি কিং কোবরা পাঠানো হয়েছিল। কিন্তু পথেই সেগুলোর মৃত্যু হয়।

রদ্রিগোর বিরুদ্ধে পাচারের অভিযোগ প্রমাণ হলে তাঁর ২০ বছর সাজা হতে পারে।
সূত্র: এনডিটিভি