পদত্যাগ করছেন হংকংয়ের প্রবীণ আইনপ্রণেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের গণতন্ত্রপন্থী একজন প্রবীণ আইনপ্রণেতা গতকাল শুক্রবার আইনসভা থেকে পদত্যাগ করার অঙ্গীকার করেছেন। তাঁর প্রত্যাশা, এর ফলে উপনির্বাচনে চীন সরকারের প্রতি হংকংয়ের অধিবাসীরা তাঁদের ক্ষোভ প্রকাশের সুযোগ পাবেন। খবর এএফপির।
হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনপদ্ধতি নিয়ে চীনের পরিকল্পনা এ নগরের গণতন্ত্রকামীদের ক্ষুব্ধ করেছে। চীন চায় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা তার হাতে রাখতে।
চীনের এ প্রস্তাবের বিরোধিতা করে এবং প্রকৃত ভোটাধিকারের দাবিতে সম্প্রতি হংকংয়ে দীর্ঘ সময় ধরে টানা বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে আইনসভা থেকে পদত্যাগ করবেন বলে জানালেন অ্যালবার্ট হো নামের এই আইনপ্রণেতা।
গতকাল হো বলেন, ‘আমি মনে করি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হংকংয়ের জনগণের ক্ষোভ, তঁাদের হতাশা ও বিক্ষোভ দেখানোর সম্ভাব্য যেকোনো সুযোগ আমার কাজে লাগানো উচিত।’
চীনা প্রস্তাবের বিরুদ্ধে হংকংয়ের যেসব আইনপ্রণেতা প্রকাশ্যে বিরোধিতার ঘোষণা দিয়েছেন, হো তাঁদের সর্বশেষ। চীনের বিশেষ প্রশাসনিক এলাকা হংকংয়ে নতুন প্রশাসক বাছাইয়ে ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।