পদত্যাগের দাবি নাকচ করলেন প্রধানমন্ত্রী নাজিব
পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গতকাল সোমবার দেশটির জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক কুচকাওয়াজে এই ডাক দেন তিনি। খবর এএফপি ও বিবিসির।
নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে গত শনি ও রোববার রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ করে হাজারো মানুষ।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত ওই কুচকাওয়াজে হাজারো মানুষ যোগ দেয়। বর্ণাঢ্য ওই আয়োজনে দর্শকেরা জাতীয় পতাকা হাতে নিয়ে হাজির হয়। পুরো কুচকাওয়াজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। কুচকাওয়াজে দেওয়া বক্তৃতায় আগের দুই দিনের বিক্ষোভের প্রসঙ্গে টেনে নাজিব রাজাক বলেন, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের বিক্ষোভ মতামত জানানোর সঠিক পথ হতে পারে না। তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা ছাড়া পুরো দেশের জনগণ এই সরকারের পক্ষে রয়েছে।
নাজিব রাজাক বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, যদি সংহতি হারিয়ে ফেলি, তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না। ফলে আমরা কষ্ট করে যা কিছু অর্জন করেছি, সব ধ্বংস হয়ে যাবে।’ দুই দিনের বিক্ষোভে ‘শৃঙ্খলাভঙ্গ হয়েছে এবং তা শুধু জনগণের বিড়ম্বনাই সৃষ্টি করতে পেরেছে’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীরা এই বিক্ষোভের ক্ষেত্রে পরিপক্বতাও দেখাতে পারেনি বলে সমালোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় তিন লাখ মানুষ বিক্ষোভ করে বলে দাবি আয়োজকদের। তবে পুলিশ বলছে, ওই সংখ্যা ২৫ হাজারের মতো।