পদত্যাগের হুমকি মাওবাদীদের
নতুন সংবিধানের খসড়া তৈরি করতে গঠিত সাংবিধানিক গণপরিষদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছে ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউসিপিএন-মাওবাদী) নেতৃত্বাধীন নেপালের বিরোধী দলগুলো। খসড়া সংবিধানে তাদের মতামত উপেক্ষিত হলে তারা এ পথ বেছে নেবে বলে গতকাল শনিবার ঘোষণা দেয়। খবর ই-কান্তিপুর–এর।
সংবিধান প্রণয়ন নিয়ে নেপালে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। গত শুক্রবারের মধ্যে সংবিধানের খসড়া চূড়ান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান সুবাস নেংবাম গতকাল জানান, আজ কমিটির বৈঠকে সংবিধান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মাওবাদী নেতারা বলেছেন, সভায় তাঁদের প্রগতিশীল প্রস্তাবগুলো যদি বিবেচনায় না নেওয়া হয় তবে এই প্রক্রিয়া থেকে সরে যাওয়াই তাঁদের পক্ষে শ্রেয়। সংবিধান নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে নিজেদের কর্মপন্থা ঠিক করতে মাওবাদীরা বৈঠকে বসেছেন।