পদবি নিয়ে তালগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে আইন অনুযায়ী বিয়ের পর দুজনের পদবি একই হতে হয়। ছবি: সংগৃহীত
জাপানে আইন অনুযায়ী বিয়ের পর দুজনের পদবি একই হতে হয়। ছবি: সংগৃহীত

একজন কর্মজীবী নারী বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু বিয়ের পর এই দম্পতির যে কোনো একজনকে অপরজনের পদবী গ্রহণ করতে হবে। এটাই জাপানের আইন। এ বিয়ের ক্ষেত্রে এই আইন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কারণ, দুজনের নামের প্রথম অংশ প্রায় একই। দুজন একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই পদবি এক হলে দুজনের নামও এক হয়ে যাবে।

এই ব্যতিক্রম ঘটনার কথা সম্প্রতি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। পদবি পরিবর্তনকে অনেকে মানুষের আত্মসম্মানে ঘা লাগার মতো মনে করেন। আবার অনেকের কাছে বিষয়টি খুবই স্বাভাবিক মনে হয়। অনেকে আবার ইচ্ছে না থাকলেও আইন বা পরিবারের চাপে বদলাতে বাধ্য হন। এই বদল না করা ব্যক্তিগত ইচ্ছা একটা বড় কারণ। রয়েছে আরও বাস্তব কারণ।

জাপানের ইতিহাসে একসময় নারীরা বিয়ের পর তাঁর আগের পদবিই ব্যবহার করতে পারতেন। ১৮৯৮ সালে সামন্ত পরিবারতন্ত্র (যেখানে পরিবারের সব নারী ও শিশুর জন্য পরিবারের পুরুষপ্রধানের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়) চালু হওয়ার পর এই পদবি পরিবর্তনের ধারা চালু হয়। পরিবর্তী সময়ে ১৯৪৮ সালে এই পরিবারপ্রথা বিলুপ্ত হলেও পদবি আইনটি এখনো রয়ে গেছে। অনেকে এটিকে যৌন-বৈষম্য বলে মনে করেন।

তবে আইনে কিন্তু বলা নেই যে অবশ্যই স্ত্রীর পদবি বদলাতে হবে। ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছিলেন, আইনটি সাংবিধানিক সম-অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। তিনজন নারী আইনজীবী সুপ্রিম কোর্টের এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। সম্প্রতি এক জরিপ দেখা গেছে, জাপানের বেশির ভাগ মানুষ মনে করেন, বিবাহিত নারী-পুরুষের একজন কার পদবি ব্যবহার করবেন, সেই স্বাধীনতাটুকু তাঁর থাকা উচিত। ৯৬ শতাংশ নারীই পদবি বদলে থাকেন।

জাপানে আইনে সুনির্দিষ্ট করে কারও কথা বলা না হলেও বেশির ভাগ ক্ষেত্রেই স্ত্রীকে স্বামীর পদবি গ্রহণ করতে হয়। ছবি: সংগৃহীত
জাপানে আইনে সুনির্দিষ্ট করে কারও কথা বলা না হলেও বেশির ভাগ ক্ষেত্রেই স্ত্রীকে স্বামীর পদবি গ্রহণ করতে হয়। ছবি: সংগৃহীত

জাপানবাসীর রক্তে এখনো প্রথাগত পারিবারিক ধারণাই বিদ্যমান। যেমন: সেখানে বিয়ের আগে সন্তানের জন্ম, সমকামীদের বিয়ে—এমন সবকিছুকেই নেতিবাচকভাবে দেখা হয়। 

দেশটির আমলাতন্ত্র পদবি পরিবর্তনকে খুব সহজভাবে না নিলেও বর্তমানে কিছুটা ছাড় দিতে শুরু করেছে। জাপানে বিবাহিত নারীরা প্রায়ই অনায়াসে তাঁদের কর্মক্ষেত্রে বিয়ের আগের নাম ব্যবহার করতে পারেন। সম্প্রতি নারী বিচারকদের সেই অধিকার দেওয়া হয়েছে। এখন আদেশ দেওয়ার সময় তাঁরা চাইলে তাঁদের বিয়ের আগের নাম বা বিবাহিত জীবনের নতুন নাম—যেকোনোটি ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে পেটেন্ট অফিসগুলোও কর্মীদের এই সুযোগ দিচ্ছে। আগামী বছর থেকে দেশটির জনগণ স্থানীয় সরকারের কোনো কাজে নিজেদের পছন্দের নাম ব্যবহার করতে পারবেন বলে অনুমতি দিয়েছে সরকার।

কিন্তু টুকরো টুকরো এসব সংস্কার এক তালগোল পাকিয়ে গেছে। যেমন: একজন নারী আইনজীবী তাঁর বিয়ের আগের নাম ব্যবহার করে আদালতে তাঁর মক্কেলের কাগজপত্র দাখিল করতে পারবেন। কিন্তু মক্কেলের সম্পদ নিবন্ধন করতে গেলে সেই আইনজীবীকে তাঁর বিয়ের পরের পদবি ব্যবহার করতে হবে। যদি একজন নারী কর্মক্ষেত্রে ও বিভিন্ন নথিপত্রে তাঁর বিয়ের আগের নাম ব্যবহার করেন, তাহলে তাঁকে কোসেকিতে (পদবি ধরে পরিবারের দাপ্তরিক নিবন্ধন তালিকা) গিয়ে তা পরিবর্তন করতে হয়। সে ক্ষেত্রে তাঁর পরিচয় প্রমাণ করতে অতিরিক্ত অনেকগুলো কাগজপত্র পূরণ করতে হয়।

ইয়োচি কায়দো নামের এক পুরুষ আইনজীবী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দুজনের নিজ নিজ পদবি থাকার বিষয়টি সহজ করা উচিত। উল্টো এটি রক্ষণশীলদের শেষ হাতিয়ারে পরিণত হয়েছে। ক্ষমতাসীন কট্টরপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিষয়টিকে পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়ার শামিল বলে মনে করে। দলটি মনে করে একজন নারীর স্থান ঘরেই।

তবে অনেকে কোসেকির বিলুপ্তি চান। এ নিয়ে কাজ করে এমন ক্যাম্পেইনাররা দেখেছেন প্রতিটি পরিবারের নাম একজন পুরুষের নামে হয়ে থাকে। বিয়ের পর নারীদের স্বামীর পদবি গ্রহণ করতে হয়, যেন স্ত্রী তাঁদের সম্পত্তি।

ওকায়ামার এক আইনজীবী তোমোশি সাক্কা বলেন, ‘আমি মনে করি, মানুষের চিন্তাধারায় এর ব্যাপক প্রভাব রয়েছে। ব্যাপারটা এমন যেন একজন স্ত্রীকে তাঁর স্বামীকে অনুসরণ করতে হবে।

অর্থনৈতিক, সামরিক ও বহির্বিশ্বে প্রভাব—সব দিকে থেকে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া থেকে এগিয়ে থাকা জাপান এই একটি জায়গায় এখনো পিছিয়ে আছে। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়া পুরুষের নামে পারিবারিক নিবন্ধনকে বৈষম্য হিসেবে আখ্যায়িত করার পর এটিকে বাতিল করা হয়। চীনে এখনো একটি আইনই বিদ্যমান। সেখানে কখনোই বিবাহিত নারীদের স্বামীর পদবি গ্রহণ করতে হয় না।

সাক্কা বিশ্বাস করেন, এই আইন আর হাতে গোনা কয়েক দিন থাকবে। কিন্তু রীতির হয়তো পরিবর্তন হবে না। নারীরা হয়তো আইনের বাধ্যবাধকতা না থাকলেও পদবি পরিবর্তন স্বভাবজাতভাবেই করবেন।

যেমন যুক্তরাজ্য। গত বছরের এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ তরুণী বিয়ের পর স্বামীর পদবি নিতে চান। আবার প্রায় সমানসংখ্যক পুরুষও এটাই চান। আর এটাই প্রমাণিত হয়, প্রজন্ম থেকে প্রজন্ম এ ক্ষেত্রে মনমানসিকতা একই।

সম্প্রতি এক জরিপ দেখা গেছে, জাপানের ৯৬ শতাংশ নারীই পদবি বদলে থাকেন। ছবি: সংগৃহীত
সম্প্রতি এক জরিপ দেখা গেছে, জাপানের ৯৬ শতাংশ নারীই পদবি বদলে থাকেন। ছবি: সংগৃহীত

এই ধারা থেকে বাদ পড়েন না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। মডেলিং নিজের নামধামে বেশ পরিচিত ছিলেন তিনি। তাঁর নাম ছিল মেলানিয়া নাওস। আগের দুই ফার্স্ট লেডি মিশেল ওবামা ও হিলারি ক্লিনটনের একই অবস্থা। তাদের নিজেদের নামগুলো খুঁজে পেত ঢুঁ মারতে হয় উইকিপিডিয়ায়।

২০১৫ সালে বিবিসি পদবি নিয়ে বিভিন্ন দেশের আইন নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, আঠারো শতাব্দী থেকে ফ্রান্সে বলবৎ আইন অনুয়ায়ী একজন নারী তাঁর নাম পরিবর্তন করতে পারবেন না। যেমনটা ইতালিতেও। তবে সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা নমনীয়তা আছে। সেখানে স্ত্রীরা চাইলে অনানুষ্ঠানিকভাবে স্বামীর পদবি ব্যবহার করতে পারেন। তবে সরকারি কাগজপত্রে অবশ্যই বাবা-মায়ের দেওয়া নাম ব্যবহার করতে হয়। গ্রিস আর কিউবেকে তো এ আইন আরও কঠিন। গ্রিসে পদবি পরিবর্তন করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে। আর কিউবেকে চাইলেও তা কোনোভাবেই সম্ভব নয়। আইসল্যান্ডে নারীরা বিয়ের আগের নাম রাখতে পারবেন। আর ইথিওপিয়া ও ইরিত্রিয়াতে পদবির কোনো ধারণাই নেই। তার একটাই নাম হয়। তবে সে নামের দ্বিতীয় অংশ বাবার নাম ও তৃতীয় অংশ হয় দাদার নাম। তাই তাদের নাম হয় তিন শব্দের।

বাংলাদেশেও এ নিয়ে বাধ্যবাধকতা না থাকলেও অনেকে নারী বিয়ের পর পদবি পরিবর্তন করে থাকেন। তবে তা শহুরে জীবনেই বেশি। মুসলিম আইনে যেহেতু উত্তরাধিকারসূত্রে স্ত্রীর সম্পত্তি পাওয়ার বিষয় থাকে, তাই অনেকে স্বামীর পদবি গ্রহণ করেন। আবার অনেকে এটাকে ‘স্ট্যাটাস’ হিসেবে দেখেন। অনেকে মনে করেন, স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে এটা করতে হবে। আবার অনেকে এর বিরোধী। তাঁরা মনে করেন, বিয়ের পর এটি পুরুষের কর্তৃত্ব ফলানোর প্রথম ঢাল।