পদ্মরাগমণির দেশে

মিয়ানমারের উত্তরাঞ্চলের মান্দালয় শহরের বাসিন্দা ১৯ বছর বয়সী আয়ে মিন তুন। প্রতি সপ্তাহে তিনি মাটি খুঁড়তে যান শহরের উত্তর দিকে মোগক উপত্যকায়। প্রার্থনা করেন, ‘এইবার যেন একটা রুবি পাই।’
রুবি। রক্তলাল রঙের এই রত্নপাথরকে কেউ বলে মানিক, কেউ বলে চুনি, কেউ বলে পদ্মরাগমণি, কেউ বলে লালমণি।
এই মোগক উপত্যকা মূল্যবান রুবি পাথরের জন্য বিখ্যাত। এটি ‘ল্যান্ড অব রুবি’ নামেও পরিচিত। বিশ্বের ৮০ শতাংশ রুবি পাথর উৎপাদন করে মিয়ানমার। এর সিংহভাগই আসে এখান থেকে।
রুবি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন সেনা কর্মকর্তারা। মাসে ২০০ ডলারের কম পারিশ্রমিকে উপত্যকায় খননকাজ করেন আয়ে মিন। মজুরি সামান্যই। তবে যদি রুবি পাথর পেয়ে যান, তাহলে ভাগ্য সুপ্রসন্ন। মিলবে কমিশন। কেবল আয়ে মিন নয়, হাজারো
মানুষ ছুটে যায় ওই উপত্যকায় কাজ করতে। লক্ষ্য একটাই। যদি রুবি পাওয়া যায়! যদি ভাগ্য খুলে যায়!
এই পাথরের জন্যই অতীতে বহু সম্রাট, রাজা এবং বিজেতা এই অঞ্চলের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
অং সান সু চির দল সরকার গঠনের পর গত অক্টোবরে রুবি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ খুশিই হয়েছেন রুবি খননে নিয়োজিত শ্রমিকেরা। কারণ, সামরিক কর্মকর্তারাই রুবি ব্যবসার সর্বেসর্বা। তাঁদের এবং স্বজন-বন্ধুবান্ধবদের পকেটই এত দিন ভারী হয়েছে।

সেখানে সাংবাদিক প্রবেশ সহজসাধ্য নয়। তবে সম্প্রতি কয়েকজন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল। গিয়ে দেখা যায়, সে কী হুলুস্থুল কারবার!
ভারী ভারী যন্ত্র দিয়ে খনন করা হচ্ছে। কাজ করছে শত শত শ্রমিক। তবে আশার মাঝে ঝুঁকিও রয়েছে। খননের কারণে মাঝেমধ্যেই হচ্ছে ভূকম্পন।
মোগক উপত্যকায় রুবি পাথরসহ মূল্যবান রত্নের জন্য ব্যাপক আকারে খননকাজ শুরু হয় নব্বইয়ের দশকে। সামরিক জান্তা সরকার তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে খননের অনুমতি দেয়। বর্তমানে সরকারি প্রতিষ্ঠান মিয়ানমার জেমস এন্টারপ্রাইজ পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তবে পেছন থেকে পুরো বিষয়টি দেখভাল করে সামরিক কর্মকর্তাদের প্রাধান্য দিয়ে করা প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক করপোরেশন (এমইসি)। এই প্রতিষ্ঠানটি মার্কিন কালোতালিকাভুক্ত।
একটি বেসরকারি গবেষণায় দেখা যায়, মিয়ানমারে এক শটির বেশি খনির যৌথ উদ্যোক্তা এমইসি।
রুবিসহ নানা মূল্যবান রত্ন পাওয়া গেলেও তা দেশের জনগণের কল্যাণে আসছে না। এর মূলে রয়েছে পাচার। বিভিন্ন মহল এই মূল্যবান পাথরগুলো সীমান্ত দিয়ে হংকং ও ব্যাংককে পাচার করে।
তবু আশায় বুক বাঁধছে খননকারী প্রতিষ্ঠানগুলো। অর্থনৈতিক অবরোধ উঠে গেছে। যুক্তরাষ্ট্র থেকে পর্যটকেরা আসবেন। পণ্য কিনবেন। আমদানি করবেন। বাজার উন্মুক্ত হবে। একটা অংশের পকেট ভারী হওয়া কমবে।