পপির বদলে জাফরান

আফগানিস্তানের বিরাট কুখ্যাতি রয়েছে মাদকদ্রব্য তৈরির উপাদান পপি উৎপাদনের জন্য। পপি থেকে উৎপাদিত আফিম মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়ার ঘটনা বহু বার আলোচনায় এসেছে। তালেবানের শাসনামলে তাদের অর্থের বড় উৎসও ছিল এই আফিম। কিন্তু তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে পপি উৎপাদনেও পরিবর্তন এসেছে। সে দেশে থাকা মার্কিন নেতৃত্বাধীন বাহিনী পপির বদলে জাফরান উৎপাদনে আফগানদের উৎসাহী করার চেষ্টা চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, মাদকদ্রব্যের উপাদান হিসেবে পপি উৎপাদনে যেমন প্রচুর লাভ, তেমনি বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরান উৎপাদনও লাভজনক। তফাতটা হচ্ছে, পপি উৎপাদন ক্ষতিকর, জাফরান তা নয়। জাফরান চাষের জন্য দরকার হয় প্রচুর জমি ও শ্রম। আফগানিস্তানে এ দুটি উপাদানই আছে। তাই আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর আর্থিক সহায়তায় আফগানবাসীকে মাদকের বদলে মসলা উৎপাদনে আগ্রহী করার চেষ্টা চলছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে গিয়ে দেখা যায়, নানা বয়সী নারী খুব ধীরে ধীরে সতর্কতার সঙ্গে জমি থেকে জাফরানের ফুল তুলছেন। সেগুলো খুব যত্ন করে রাখা হচ্ছে প্লাস্টিকের ঝুড়িতে। এবার অনেক ফুল জড়ো করার পর শ্রমিকেরা সযত্নে কোমল পাপড়িগুলো, উজ্জ্বল লাল রঙের পরাগদণ্ড ও পুংকেশরগুলো আলাদা করে নেন। সেখান থেকেই পাওয়া যায় মূল্যবান জাফরান। মসলাটি যেমন অনেক দামি, তেমনি ফুল থেকে এটি বের করে আনার কাজটি অনেক কঠিন এবং এর জন্য দরকার অনেক দক্ষতার।
জাফরান সারা বিশ্বে রান্নায় ব্যবহারের জন্য বিখ্যাত। তবে এটি থেকে সুগন্ধি ও সুন্দর রংও তৈরি করা হয়। ভেষজ ওষুধের উপাদান হিসেবেও এর জুড়ি মেলা ভার। ক্ষত সারাতে সহায়তা করে এবং চায়ের মতো পানীয় হিসেবেও জাফরান অনন্য।
এত গুণের জাফরানের সফল উৎপাদন সম্ভব হলে এটি যে অর্থনৈতিকভাবে আফগানবাসীর জন্য লাভজনক হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই অর্জনের পথটি অতটা সহজ নয়। জাফরানের চাষাবাদ ব্যয়বহুল। প্রচণ্ড শীতে গাছের ক্ষতি হতে পারে। তার ওপর প্রতিবেশী ইরান চাহিদার ৯০ শতাংশ জাফরান তৈরি করে বিশ্ববাজার দাপিয়ে বেড়াচ্ছে।
তবে হেরাতে জাফরান চাষে সাফল্য আসার সম্ভাবনা আছে। এখানকার ছয় হাজার জাফরানচাষির মধ্যে চার হাজারই নারী। তাঁরা জাফরান চাষাবাদ ও সংগ্রহে বিশেষ দক্ষতা দেখাতে সক্ষম। এখানে উৎপাদিত জাফরান ভারত, ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র ও চীনে রপ্তানি হচ্ছে।