পবিত্র আল আকসা প্রাঙ্গণ থেকে ১২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ছয়জন ফিলিস্তিনি এবং ছয়জন ইসরায়েলিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল সোমবার মসজিদ প্রাঙ্গণে দুই দলের মধ্যে বচসার একপর্যায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর এএফপির।
পুলিশের মুখপাত্র লুবা সামরি বলেন, ‘টেম্পল মাউন্টে ঢুকতে ইসরায়েলিদের বাধা দেওয়ায় ফিলিস্তিনিদের গ্রেপ্তার করা হয়। পরে সেখানে নিয়ম ভেঙে প্রার্থনা করায় দুজনকে এবং গোলযোগ করায় দুজনকে গ্রেপ্তার করা হয়।’
ইসরায়েলিরা আল আকসা মসজিদকে টেম্পল মাউন্ট নামে সম্বোধন করে থাকে। এই প্রাঙ্গণটি ইহুদি ধর্মেও পবিত্র হিসেবে গণ্য। ইহুদিদের এই মসজিদ প্রাঙ্গণে প্রবেশাধিকার আছে। তবে মুসলিমদের সঙ্গে সংঘাত হতে পারে এই আশঙ্কায় সেখানে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ। তবে উগ্র ইহুদিদের অনেকেই নিয়মিত আল আকসা প্রাঙ্গণে যায়।