ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আরও চার ফিলিস্তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের আরও তিনজনকে গতকাল সোমবার গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আগের দিন রোববার এক ফিলিস্তিনি কিশোরীকে হত্যা করে তারা। খবর এএফপি ও আল-জাজিরার।

এএফপির খবরে বলা হয়, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় একদল ফিলিস্তিনি। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়। অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে সৃষ্ট এ সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ। 

এর আগে একই দিন হেবরনে আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই দুই ফিলিস্তিনি শহরটিতে ইসরায়েলিদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়, গত রোববার পশ্চিম তীরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তার বিরুদ্ধে ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়। যদিও ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা ছুরিকাঘাতের অভিযোগ নাকচ করেছে।

পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলের নিষেধাজ্ঞা জারি নিয়ে চলতি মাসের শুরু থেকেই সেখানে সহিংসতা শুরু হয়। সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৬০ ফিলিস্তিনি ও আট ইসরায়েলির প্রাণহানি হয়েছে।

আল-আকসায় নজরদারি হবে ‘নতুন ফাঁদ’: আল-জাজিরার খবরে আরও জানানো হয়, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েল ও জর্ডানের নজরদারির পরিকল্পনাকে ‘নতুন ফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। গত রোববার ভয়েস অব ফিলিস্তিন রেডিওকে আল-মালিকি বলেন, ইসরায়েল ইসলাম ধর্মানুরাগীদের গ্রেপ্তারে এ ধরনের ভিডিও ফুটেজ ব্যবহারের পরিকল্পনা করছে।