পবিত্র আল-আকসায় নজরদারিতে রাজি ইসরায়েল ও জর্ডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বর এলাকা নজরদারির ব্যাপারে ইসরায়েল ও জর্ডান রাজি হয়েছে। মুসলিম, ইহুদি ও খ্রিষ্টান—তিন সম্প্রদায়ের কাছে পবিত্র ওই স্থানে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতা বন্ধ করার চেষ্টা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে গত শনিবার বৈঠক করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা জানান। কেরি বলেন, আল-আকসা মসজিদ এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর এই পরামর্শ ইসরায়েল মেনে নিয়েছে। ইসরায়েলও নিশ্চয়তা দিয়েছে যে তারা আল-আকসা চত্বরে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।

ফিলিস্তিনিকে গুলি করে হত্যা: পশ্চিম তীরের উত্তর অংশে একটি ইসরায়েলি তল্লাশি চৌকির একজন বেসরকারি নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ফিলিস্তিনি এক ব্যক্তিকে শনিবার গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। 

ফিলিস্তিনি গাড়িতে আগুন: ইসরায়েলি বসতিস্থাপনকারীরা জেরুজালেমের উম তুবা এলাকায় ফিলিস্তিনি এক ব্যক্তির বাড়ির সামনে তাঁর মোটরগাড়িতে গতকাল রোববার সকালে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বর্ণবাদী বিদ্বেষপূর্ণ বিভিন্ন স্লোগান দেয়।