পবিত্র কাবায় সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের পবিত্র স্থান মক্কার পবিত্র কাবায় ‘সন্ত্রাসী হামলা’র পরিকল্পনা হয়েছিল বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের পুলিশ গত শুক্রবার ওই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পুলিশি অভিযানের সময়ে মক্কার এক ভবনে থাকা আত্মঘাতী নিজেকে উড়িয়ে দিয়েছে। এ সময় আহত হয়েছে ১১ জন। আহত লোকজন বিদেশি ও নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মাস রমজানের শেষ জুমায় মক্কার পবিত্র কাবায় সারা বিশ্ব থেকে জড়ো হয়েছিলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আর ওই সময়ই সেখানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা নস্যাতের খবর এল।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার নিকটবর্তী আজইয়াদ এলাকার তিন তলা একটি ভবন পুলিশ ঘিরে ফেললে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে ভবনটি ধসে পড়লে পুলিশের পাঁচ সদস্যসহ ১১ জন আহত হন। পরে আহত ছয় বিদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কিকে উদ্ধৃত করে সৌদি গেজেট-এর খবরে বলা হয়েছে, মক্কাভিত্তিক দুটি ও জেদ্দাভিত্তিক একটি, অর্থাৎ তিনটি জঙ্গি দল মিলে হামলার পরিকল্পনা করে।

এর আগে ২০১৬ সালে মদিনায় নবীজীর মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর লক্ষ্যবস্তু ছিল সৌদির শিয়া সংখ্যালঘু ও নিরাপত্তা বাহিনী। এর মধ্যে বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটে সৌদি আরব রয়েছে।

এদিকে, মক্কার কাছে বোমা হামলার ঘটনায় গতকাল শনিবার ইরান এর নিন্দা জানিয়েছে।

মক্কায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকা দুই দেশ ইরান ও কাতার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জঙ্গিদের প্রতিহত করতে অন্যান্য দেশকে সহযোগিতা করতে ইরান সদা প্রস্তুত রয়েছে। এদিকে, মক্কায় আত্মঘাতী হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে কাতারও।