পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে নারী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
আফগানিস্তানে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে ২৮ বছর বয়সী নারী ফারখুন্দাকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড হয়েছে। একইসঙ্গে আদালত আটজনকে ১৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ১৮ জন।
বিবিসি অনলাইনের খবরে আজ বুধবার জানানো হয়, ওই ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ১৯ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ফারখুন্দার ভাই জানিয়েছেন, তাঁদের পরিবার এই রায়ে সন্তুষ্ট নয়। গত ১৯ মার্চ ফারখুন্দাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ফারখুন্দাকে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। এরপর তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোবাইল ফোনে ধারণ করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তবে সরকারি এক তদন্তের পর বলা হয়, ফারখুন্দার বিরুদ্ধে পবিত্র কোরআন পোড়ানোর যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। ফারখুন্দা সম্পূর্ণ নির্দোষ।
ফারখুন্দাকে পিটিয়ে হত্যা ও তাঁর লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে দেশটির সাধারণ মানুষ। শত শত নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দাফনের সাধারণ রেওয়াজ ভেঙে ফারখুন্দার লাশের কফিন বহন ও দাফনের কাজ করেন ক্ষুব্ধ নারীরা। মুসলমানদের লাশ দাফনের সাধারণ রেওয়াজ অনুযায়ী লাশের খাটিয়া বা কফিন বহন করেন পুরুষেরা। কবর দেওয়ার কাজও সম্পন্ন করেন পুরুষেরা। তবে প্রথমবারের মতো সেই রীতি ভেঙে কাবুলের কয়েকজন নারী ফারখুন্দার কবর দেওয়ার পুরো কাজটি করেন।