সৌদি আরবের পবিত্র মদিনা নগরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। গতকাল সোমবার ইফতারের সময় পবিত্র মসজিদে নববির কাছে এ হামলা হয়। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। এ ছাড়া সৌদি আরবের আরও দুটি স্থানে গতকাল আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
মদিনার ঘটনা বিষয়ে স্থানীয় আল-আরাবিয়া টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজে পার্কিংয়ের স্থানে রাখা একটি গাড়ি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পাশে দুজন মানুষ পড়ে ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল। দৃশ্যত নিরাপত্তা বাহিনীই ছিল এ হামলার লক্ষ্য।
মদিনার মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত।
এর আগে পূর্বাঞ্চলীয় শহর কাতিফে অন্তত একটি বোমার বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক শিয়া মুসলিমের বসবাস। একই দিন জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে হামলাকারী ছাড়া কেউ নিহত হয়নি।