পরমাণু কর্মসূচি দ্বিগুণ করবে পিয়ংইয়ং
উত্তর কোরিয়ার ষষ্ঠ ও সবচেয়ে বড় পরমাণু পরীক্ষার জেরে দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে পিয়ংইয়ং। নিষেধাজ্ঞাকে ‘খারাপ’ বলে আখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলেছে, তারা পরমাণু কর্মসূচি দ্বিগুণ করবে।
গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে পাস হয় উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা। নতুন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়ার তেল ও বস্ত্র খাত।
জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি পূর্ণ মাত্রার অর্থনৈতিক অবরোধ’। তাদের লোকদের ‘শ্বাসরোধে মেরে ফেলতে’ যুক্তরাষ্ট্র এই ফন্দি এঁটেছে। সেই সঙ্গে পিয়ংইয়ং এ-ও বলেছে, উত্তর কোরিয়া তার সার্বভৌমত্ব সুরক্ষায় ও অস্তিত্বের অধিকার টিকিয়ে রাখতে পরমাণু অস্ত্র কর্মসূচি দ্বিগুণ করবে। উত্তর কোরিয়ার ভাষ্য হলো, ‘শত্রুপক্ষ’ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাঁচতেই তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া দরকার।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে নিষেধাজ্ঞা পাসের পর বলেন, ‘ভবিষ্যতে যা হবে তার তুলনায় ওই নিষেধাজ্ঞা কিছুই না।’ উত্তর কোরিয়ার বিরুদ্ধে তোলা প্রস্তাবটি রাশিয়া ও চীনের সমর্থনসহ সর্বসম্মতভাবে পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, কিম জং-উনের আমলে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি দ্রুতবেগে বেড়েছে। আরোপিত আগের নিষেধাজ্ঞাগুলো খুব একটা কাজে আসেনি এ ক্ষেত্রে।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর এ নিয়ে নবম নিষেধাজ্ঞা আরোপ করা হয়।