পরমাণুসহ ছয়টি বিষয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ও পাকিস্তান পরমাণুশক্তি বিষয়ে একটিসহ ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেছে। দুই দেশের নেতারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। চুক্তি অনুযায়ী কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এই প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর এএফপির।
গত ফ্রেব্রুয়ারিতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষর করল শ্রীলঙ্কা।
তিন দিনের সফরে গত রোববার পাকিস্তান গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এই সফরকে কেন্দ্র করে কলম্বোর বৈদেশিক নীতিতে আবারও কোনো পরিবর্তন আসে কি না, সে ব্যাপারে নজর রাখছেন পর্যবেক্ষকেরা।
শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের এক দশকের শাসনের অবসান ঘটিয়ে গত জানুয়ারিতে ক্ষমতায় আসেন সিরিসেনা। এরপর সিরিসেনা তাঁর দেশের ওপর চীনের প্রভাব কমিয়ে ফেলার উদ্যোগ নেন। চীনের প্রভাবের কারণে শ্রীলঙ্কার ওপর বরাবরই বিরক্ত ছিল ভারত।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের দৃঢ় সমর্থন পাওয়ায় গভীরভাবে কৃতজ্ঞতার কথা উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে সিরিসেনা বলেন, ‘আমাদের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের সংকটময় মুহূর্তে আমরা একে অপরের পাশে অবস্থান নিয়েছি।’ ওই সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর সঙ্গে ছিলেন। সিরিসেনা আরও বলেন, ‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে আলোচনা করেছি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, খেলাধুলা, পরমাণুশক্তি এবং মাদক ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেছি।’
বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসলামাবাদ শ্রীলঙ্কাকে সামরিক সহায়তা দেয়। ২০০৯ সালে ওই লড়াই শেষ হয়।
পাকিস্তানে বর্তমানে তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে মোট ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ ছাড়া দেশটি চীনের কারিগরি সহযোগিতায় ২২০০ মেগাওয়াটের একটিসহ দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে।
এর আগে নওয়াজ শরিফ শ্রীলঙ্কার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নতি করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। আজ মঙ্গলবার সিরিসেনা পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করবেন।