পররাষ্ট্রনীতি পর্যালোচনা করছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে ‘তাল মিলিয়ে’ নিজেদের পররাষ্ট্রনীতি নতুন করে পর্যালোচনা করছে নেপাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে সরকার।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ শরণ মাহাতো এ কমিটির প্রধান। এই কমিটি দেশটির বিদ্যমান পররাষ্ট্রনীতি পর্যালোচনা করে তাকে ‘বর্তমান বিশ্বের উপযোগী’ করে তুলবে।
মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, কমিটি পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার পরিপ্রেক্ষিতে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে নেপালের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেবে কমিটি।
কমিটিকে পর্যালোচনা প্রতিবেদন দিতে চার মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিকাশমান আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে আলোচনা করে সেই ব্যাপারে সরকারের অবস্থান কী হতে পারে, তা নির্ধারণ করবে কমিটি। পরবর্তী সময়ে কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় সংস্কার করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংবিধান অনুযায়ী নেপালের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই নতুন পররাষ্ট্রনীতির খসড়া তৈরি করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রের মূলনীতি, মূল্যবোধ ও মৌলিক মান বজায় রাখা হবে।