পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সু চি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের নতুন সরকারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি কোনো পদ নেবেন কি নেবেন না—তা নিয়ে দৃশ্যত জল্পনাকল্পনার অবসান ঘটছে। গতকাল মঙ্গলবার দেশটির স্পিকার জানিয়েছেন, আগামী এপ্রিলে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্য করা হচ্ছে সু চিকে। অথচ এর আগের দিনই সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক জ্যেষ্ঠ নেতা বলেছিলেন, তাঁদের নেত্রী সরকারের কোনো পদে থাকছেন না।
পার্লামেন্টে গতকাল প্রেসিডেন্ট থিন কিউয়ের পেশ করা ১৮ জনের মন্ত্রিসভার তালিকায় রয়েছে সু চির নাম। মনে করা হচ্ছে, তিনি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। গতকাল রাজধানী নেপিডোতে পার্লামেন্টের অধিবেশনে স্পিকার ওই ১৮ জনের নাম পড়ে শোনান। এতে সু চি ছাড়া আর কোনো নারীর নাম নেই।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, নতুন মন্ত্রিসভায় সু চি মোট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এগুলো হচ্ছে পররাষ্ট্র, জ্বালানি, শিক্ষা এবং প্রেসিডেন্টের দপ্তর-বিষয়ক মন্ত্রণালয়। চলতি সপ্তাহের শেষেই মন্ত্রিসভার পদগুলোতে মনোনয়ন নিশ্চিত করতে ভোটাভুটি হবে।
অনেককেই বিস্মিত করেছে সু চির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির এ ঘোষণা। কারণ, ধারণা করা হচ্ছিল প্রেসিডেন্ট পদেরও ঊর্ধ্বে থেকে সরকার চালাবেন সু চি। প্রেসিডেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এমন ইঙ্গিত সু চি নিজে অনেক আগেই দিয়েছিলেন।
পার্লামেন্টের উভয় কক্ষেই সু চির দলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই সু চির সমর্থনপুষ্ট সব প্রার্থীই মন্ত্রিত্ব পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। উল্লেখ্য, মন্ত্রিসভার প্রস্তাবিত তালিকায় ১৫ জনের নাম দিয়েছেন সু চি তথা এনএলডি এবং বাকি তিনজনের নাম সেনাপ্রধান মিন অং হলাইয়াং।
পররাষ্ট্রমন্ত্রী হলে সু চিকে মিয়ানমারের জটিল রাজনৈতিক ব্যবস্থার কারণে সাংসদের পদ ছেড়ে দেওয়া ছাড়াও দল এনএলডির কর্মকাণ্ড থেকে নিরস্ত থাকতে হবে।