পরিবর্তনের বিকল্প হবে যুদ্ধে ফিরে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কের বিদ্রোহীদের দখলে থাকা আল-কাবুন এলাকায় নিজের বাড়ির সামনে অলস সময় কাটাচ্ছেন আবু ইয়াসির। এর শ দেড়েক ফুট দূরেই সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ অবস্থান। দীর্ঘ পাঁচ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ জীবনেই অভ্যস্ত হয়ে পড়েছে সিরিয়ার মানুষ l ছবি: এএফপি
সিরিয়ার রাজধানী দামেস্কের বিদ্রোহীদের দখলে থাকা আল-কাবুন এলাকায় নিজের বাড়ির সামনে অলস সময় কাটাচ্ছেন আবু ইয়াসির। এর শ দেড়েক ফুট দূরেই সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ অবস্থান। দীর্ঘ পাঁচ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ জীবনেই অভ্যস্ত হয়ে পড়েছে সিরিয়ার মানুষ l ছবি: এএফপি

জেনেভায় গতকাল সোমবার শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে একে ‘সত্যের মুখোমুখি হওয়ার প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন সিরিয়ার জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি স্টেফান ডি মিসতুরা। সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত এ শান্তি আলোচনা শুরু হওয়ার আগে মিসতুরা বলেন, ‘প্রধান ইস্যু হলো রাজনৈতিক পরিবর্তন এবং এর একমাত্র বিকল্প যুদ্ধে ফেরত যাওয়া।’
গতকাল সিরিয়ার যুদ্ধ পাঁচ বছরে পড়ল। গত ফেব্রুয়ারির শেষে কার্যকর হওয়া অস্থিতিশীল আংশিক যুদ্ধবিরতির ওপরই এখন পর্যন্ত ভরসা করছেন কূটনীতিকেরা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতায় থাকা প্রশ্নে দেশটির সরকার ও বিরোধী পক্ষের বিপরীতমুখী অবস্থানের প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেন, দামেস্ক (সিরীয় সরকার) কর্তৃপক্ষ শান্তি আলোচনা প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আলোচনা শুরুর প্রাক্কালে গত রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন কেরি।
এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুল্লায়েম গত শনিবার বাশার আল-আসাদের ভবিষ্যৎ প্রশ্নে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেন। কিন্তু দেশটির প্রধান বিরোধীরা চান, প্রেসিডেন্ট বাশারকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। জেনেভায় উপস্থিত আসাদবিরোধীদের জোট হাই নেগোশিয়েশনস কমিটির (এইচএনসি) প্রধান মোহাম্মদ আলাউশ বলেন, বাশার আল-আসাদকে বাদ দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হতে হবে। আসাদকে যেতেই হবে, তা সে জীবিত হোক বা মৃত।
জেনেভায় কোনো পক্ষই সামনাসামনি আলোচনা করছে না। জাতিসংঘ প্রতিনিধি মিসতুরা আলাদাভাবে সরকারি ও বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করার কথা তাঁর।
গত মাস থেকে সিরিয়ায় কার্যকর আংশিক যুদ্ধবিরতি সিরীয়দের জীবনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল, বিবদমান পক্ষ এবং তাদের বিদেশি মিত্ররা যাতে যুদ্ধের ইতি টানতে নতুন পদক্ষেপ নিতে সম্মত হয়।
সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এবারই কার্যত প্রথম দেশটির সরকার ও বিরোধীপক্ষ সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ আলোচনায় বসতে যাচ্ছে। জেনেভায় জাতিসংঘ দপ্তরে এ আলোচনা এ পর্যন্ত সিরিয়ার যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় প্রচেষ্টা।
সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত ও দেশান্তরি হতে বাধ্য হয়েছে।