পরিস্থিতি অশান্ত করতে ষড়যন্ত্র করছে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শান্তি স্থাপন-প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ করেছে শ্রীলঙ্কার নবনির্বাচিত সরকার। বলা হচ্ছে, উত্তরাঞ্চলের প্রধান শহর জাফনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গৃহযুদ্ধের শেষ দিকে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নতুন করে তদন্ত করারও ঘোষণা দেওয়া হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার সরকার অভিযোগ করে, সেনাবাহিনী দীর্ঘদিনের গৃহযুদ্ধের শিকার দেশটির উত্তরাঞ্চলে জাতিগত সংঘাত নিরসনের প্রচেষ্টা নস্যাতের চেষ্টা করছে। সরকারি মুখপাত্র রাজথা সেনাবিরত্নে বলেন, দুজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে ৪০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছেন—এমন তথ্য তাঁদের কাছে আছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার তদন্ত করছে।
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল-অধ্যুষিত উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্তশাসন দিতে দেশটির সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুই দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ শেষ হওয়ার পরও ওই অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়ে গেছে।
মুখপাত্র সেনাবিরত্নে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, ১০ জনের একেকটি দল করে এসব সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের জাফনায় পাঠানো হয়।’ তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের জাফনায় ছোট আকারে গোলযোগ ঘটানোর নির্দেশ দেওয়া হয়। নতুন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই—এই ধারণা সৃষ্টি করতেই এ কাজটি করা হয়।
মাইথ্রিপালা সিরিসেনা ৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জাফনায় সেনাবাহিনীর কর্মকাণ্ড সংকুচিত করে ফেলেন। তিনি উত্তরাঞ্চলীয় প্রদেশের প্রশাসনিক দায়িত্বে থাকা সাবেক সেনা কর্মকর্তাকে সরিয়ে সেখানে একজন সাবেক আমলাকে দায়িত্ব দেন।
মুখপাত্র সেনাবিরত্নে অভিযোগ করেন, যেসব সেনা কর্মকর্তা জাফনায় অশান্ত পরিস্থিতি তৈরির ‘ষড়যন্ত্র’ করছিলেন, তাঁদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষের ভাই সাবেক প্রতিরক্ষাসচিব গোতাবায়া রাজাপক্ষের যোগাযোগ ছিল। তিনি বলেন, নতুন সরকার তামিলদের কাছ থেকে সেনাবাহিনীর নেওয়া জমি ফেরত দেবে। হোটেল নির্মাণসহ বিভিন্ন বাণিজ্যিক কাজের জন্য এই জমি নিয়ে নিয়েছিল সেনাবাহিনী। এর যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র।
নির্বাচনে তামিল সংখ্যালঘুদের বড় অংশ সিরিসেনাকে ভোট দেয়। তামিলদের ৩৭ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আমলে। গৃহযুদ্ধ অবসানের ফলে জনপ্রিয়তাও অর্জন করেন তিনি। তবে যুদ্ধ থামার পর সংখ্যাগুরু সিংহলিদের সঙ্গে সংখ্যালঘু তামিলদের শান্তি স্থাপনে ব্যর্থতার অভিযোগ ছিল রাজাপক্ষের বিরুদ্ধে। এই যুদ্ধের শেষ দিকে তামিল বিদ্রোহীদের নির্মূলের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে।
নতুন তদন্ত হবে: গৃহযুদ্ধের শেষ দিকে উত্তর-পূর্ব শ্রীলঙ্কায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত করার পরিকল্পনা করছে দেশটির সরকার। সরকারের মুখপাত্র রাজথা সেনাবিরত্নে গত বুধবার কলম্বোয় বলেন, ‘আমরা নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক মানের তদন্তের কথা ভাবছি। প্রয়োজন হলে এই তদন্তে বিদেশি বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হবে।’
২০০৯ সালে শেষ হওয়া গৃহযুদ্ধের শেষ সপ্তাহে প্রায় ৪০ হাজার সাধারণ তামিল নিহত হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগই নিহত হয় সেনাবাহিনীর হাতে। আন্তর্জাতিক সম্প্রদায় অনেক দিন ধরেই এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছে। তবে রাজাপক্ষে সরকার অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের পরিচালনায় তদন্তের দাবি প্রত্যাখ্যান করে।