পরীক্ষার জন্য বিমানের পাখার অংশ ফ্রান্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে পাওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষটি প্যারিসে পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষটি গত বছর রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। খবর বিবিসির।
প্রাপ্ত উড়োজাহাজের পাখার অংশটির নম্বর অনুযায়ী এটি একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। মালয়েশীয় এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০-এর উড়োজাহাজটিও ছিল বোয়িং ৭৭৭ মডেলের।
প্যারিস থেকে ধ্বংসাবশেষটি তুলুজে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। মালয়েশিয়া এয়ারলাইনসের একটি দল ইতিমধ্যে তুলুজে পৌঁছেছে। আগামী বুধবার থেকে এ বিষয়ে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।
২০১৪ সালের মার্চ মাসে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় উড়োজাহাজটি। এর খোঁজে এরপর থেকেই অস্ট্রেলিয়ার নেতৃত্বে অনুসন্ধান চলছে। দক্ষিণ ভারত মহাসাগরে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে চলছে এই অনুসন্ধান।