পর্নো মামলায় ধর্মীয় নেতার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজিক শিহাব। ছবি: রয়টার্স
রিজিক শিহাব। ছবি: রয়টার্স

পর্নোগ্রাফির মামলায় সন্দেহভাজন হিসেবে ইন্দোনেশিয়ার এক ইসলাম ধর্মীয় নেতার নাম জানিয়েছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘বিতর্কিত’ ওই ধর্মীয় নেতার নাম রিজিক শিহাব। তাঁর বিরুদ্ধে এক নারীর সঙ্গে বার্তা আদান-প্রদানকালে আপত্তিকর বার্তা ও নগ্ন ছবি পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

ইন্দোনেশিয়ার ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) নেতা রিজিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাকার্তার সাবেক গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামার বিরুদ্ধে সাম্প্রতিক গণবিক্ষোভে নেতৃত্ব দেয় রিজিকের এফপিআই। ইসলাম ধর্ম অবমাননার দায়ে গত মাসে বাসুকির কারাদণ্ড হয়। বাসুকির বিরোধী হিসেবে পরিচিত রিজিক।

উত্তেজনাপূর্ণ বক্তব্যের জন্য রিজিকের পরিচিতি আছে। সহিংসতা ও জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে দুবার তাঁর কারাদণ্ড হয়। সবশেষ রিজিকের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার কঠোর পর্নোগ্রাফিবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, এক নারী আন্দোলনকর্মীর সঙ্গে আলাপকালে তাঁকে অশ্লীল বিষয়বস্তু (পর্নোগ্রাফি) দিয়েছেন রিজিক। ওই মামলায় ওই নারীকেও সন্দেহভাজন হিসেবে রেখেছে পুলিশ। দুজনের মধ্যে আলাপের বিষয়বস্তুর স্ক্রিনশট চলতি বছরের শুরুর দিক থেকে অনলাইনে আসতে শুরু করে।

অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত এপ্রিল থেকে একাধিকবার রিজিককে তলব করে পুলিশ। তবে একবারও পুলিশের কাছে যাননি তিনি। এপ্রিলের শেষ দিক থেকে পরিবারের সঙ্গে সৌদি আরবে আছেন তিনি।

এফপিআইয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রিজিকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

রিজিকের আইনজীবীর ভাষ্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ বানানো। এ জন্য জাকার্তার সাবেক গভর্নর বাসুকির সমর্থকদের দায়ী করেন তিনি।