পর্বতারোহীদের খোঁজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে হিমালয় পর্বতমালায় প্রচণ্ড তুষারঝড়ে মৃতের সংখ্যা ২৯-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ৭০ জন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। নিখোঁজদের অনুসন্ধানে অভিযান চালাচ্ছিল উদ্ধারকারী দল। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, গতকাল নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য রাজধানী কাঠমান্ডু থেকে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। গত বুধবার রাতের উদ্ধার অভিযানে নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ওই দিন নয়টি মৃতদেহও উদ্ধার করা হয়। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দলের অনেক পর্বতারোহী গতকালও যোগাযোগের বাইরে ছিলেন।
তুষারঝড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে অন্নপূর্ণা এলাকায়। খারাপ আবহাওয়ার কারণে সেখানে এ পর্যন্ত যত হতাহতের ঘটনা ঘটেছে, তার অন্যতম এটি। নিহতদের মধ্যে আছেন নেপাল, ইসরায়েল ও পোল্যান্ডের নাগরিক। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আছেন চার কানাডীয় এবং এক ভারতীয়। বেঁচে যাওয়াদের মধ্যে একজন জানান, তুষারঝড় আঘাত হানার পর ফিরে আসার পথে তিনি অনেকগুলো মৃতদেহ দেখতে পেয়েছেন।
হিমালয় এলাকায় পর্বতারোহণের জন্য জনপ্রিয় সময়ে এই দুর্ঘটনা ঘটল। পাশের দেশ ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবেই নেপালে ব্যাপক বৃষ্টিপাত ও তুষারঝড় হয় বলে মনে করা হচ্ছে। এর আগে গত এপ্রিলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তুষারধসে ১৬ জন শেরপার মৃত্যু হয়।