পর্যটকদের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে বিদেশি পর্যটকদের লক্ষ্য করে ‘সম্ভাব্য তালেবান হামলা’র ঘটনা ঘটেছে গতকাল বুধবার। এতে পাঁচ বিদেশি পর্যটকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বিদেশি পর্যটকদের নিরাপত্তায় নিযুক্ত আফগান সেনাবাহিনীর এক গাড়িবহরে হামলা করা হয়। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় তালেবান গোষ্ঠী স্বীকার করেনি। কিন্তু হেরাতের গভর্নরের মুখপাত্র বলেন, হেরাতের চেশত-ই-শরিফ এলাকায় ওই গাড়িবহরটিতে হামলা চালায় তালেবান। ওই গাড়িটিতে আট ব্রিটিশ, তিন মার্কিনি ও একজন জার্মান নাগরিক ছিলেন। সেনা মুখপাত্র নাজিবুল্লাহ নাজিবি বলেন, বিদেশি পর্যটকদের পার্শ্ববর্তী প্রদেশ বামিয়ান থেকে বিশেষ প্রহরায় হেরাত শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে হামলায় পাঁচ বিদেশি পর্যটক ও তাঁদের আফগান গাড়িচালক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চোট সামান্য এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।