পর্যটকদের নৌযানে আগুন, নিহত ২৩
ইন্দোনেশিয়ায় পর্যটকদের বহনকারী একটি বড় নৌযানে আগুন ধরে গিয়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানী জাকার্তার কাছে এ ঘটনা ঘটে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর নিখোঁজ আরও ১৭ জন।
নৌযানটি প্রায় ২০০ জন যাত্রী নিয়ে জাকার্তা থেকে তিদুং দ্বীপে যাচ্ছিল। ওই দ্বীপটি মূলত একটি পর্যটন স্থান। দ্বীপের পুলিশ বিভাগের মুখপাত্র ফেরি বুধিহারসো বলেন, জাহরো এক্সপ্রেস নামের ওই নৌযানটি উত্তর জাকার্তার মুয়ারা আংকে বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাতে আগুন ধরে যায়। মুখপাত্র আরও বলেন, নৌযানের একটি জেনারেটরের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরবো নুগরোহ বলেন, ‘১৯৪ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। নৌযানটির কাগজপত্রে দেখানো হয়েছে যাত্রী ছিল ১০০ জন। কিন্তু অবশ্যই প্রকৃত সংখ্যা এটি নয়। আমরা এখনো অনুসন্ধান চালাচ্ছি।’ অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে একটি উদ্ধারকারী দল।
ইন্দোনেশিয়ায় আছে ১৭ হাজারের বেশি দ্বীপ। এসব দ্বীপের মধ্যে চলাচলের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু নিরাপত্তা মানের ঘাটতি থাকায় প্রায়ই দেশটিতে নৌদুর্ঘটনা ঘটে থাকে।