পশ্চিম তীরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
দখলকৃত পশ্চিম তীরে গতকাল বৃহস্পতিবার এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এক গ্রেপ্তার অভিযান চালানোর সময় সেনারা ফালাহ আবু মারিয়া (৫০) নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। হাসপাতালের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এ নিয়ে ২৪ ঘণ্টায় দুজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। খবর এএফপির।
প্রতিবেশীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের কাছে বেইত ওমর গ্রামে ফালাহ আবু মারিয়াকে তাঁর বাড়িতে ঢুকে গুলি করা হয়। সেনারা তাঁর ছেলে মোহাম্মদকে আটক করার জন্য ওই বাড়িতে হানা দেয়। তখন কী ঘটছে—তা দেখার জন্য আবু মারিয়া বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু মারিয়ার ছেলে পায়ে গুলিবিদ্ধ হওয়া ২৪ বছর বয়সী মোহাম্মদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদকে আটকের জন্য ওই অভিযান চালানো হয়। এ সময় সেনারা ক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়। মুখপাত্র বলেন, এক ব্যক্তি একজন সেনাসদস্যকে হামলা করে। তখন তাঁকে গুলি করা হয়।
সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর পরিচয় নিশ্চিত করেননি মুখপাত্র। তবে তিনি নিশ্চিত করেন, সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।
এর আগে গত বুধবার পশ্চিম তীরের পশ্চিমাঞ্চলীয় জেনিন শহরের কাছে বিরকিন গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা মোহাম্মদ আলাওনেহ (২২) নামের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।