পশ্চিম তীরে ইসরায়েলি বসতি পরিকল্পনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল আরও বসতি গড়ার পরিকল্পনা করায় জাতিসংঘ এর নিন্দা জানিয়েছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান-সম্ভাবনায় এই ‘একতরফা পদক্ষেপ’ শান্তির জন্য একটি প্রতিবন্ধক।
গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইহুদি বসতিতে ‘গৃহায়ণের চাহিদা সামাল দিতে’ আড়াই হাজারের বেশি বাড়ি নির্মাণ করবে তাঁর দেশ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষের এটি দ্বিতীয় ঘোষণা। এর আগে রোববার ইসরায়েলি কর্মকর্তারা পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৫৬৬টি বাড়ি তৈরির অনুমতি দেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যৎ-রাষ্ট্রের জন্য তারা যে ভূখণ্ড চায়, সেখানেই ইহুদি বসতি গড়ার পরিকল্পনা শান্তির আশাকে দুর্বল করে দিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান জুজাহিক বলেন, মহাসচিবের কাছে দুই রাষ্ট্র সমাধান ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। কাজেই কোনো একতরফা পদক্ষেপ দুই রাষ্ট্রের পরিকল্পনার জন্য বাধা। এটি জাতিসংঘ মহাসচিবের জন্য গভীর উদ্বেগের বিষয়।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার যেসব নতুন বাড়ির অনুমোদন দেওয়া হয়, সেগুলোর বেশির ভাগই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর কাছাকাছি নির্মাণ করা হবে।
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে ইহুদিদের বসতি নির্মাণে তিনি তাঁর পূর্বসূরি বারাক ওবামার চেয়ে সহানুভূতিশীল হবেন। ট্রাম্প ইসরায়েলে তাঁর দূত হিসেবে ইহুদি বসতির একনিষ্ঠ সমর্থককে নিয়োগও দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিগ্রহণ করার পর থেকে নির্মাণ করা প্রায় ১৪০টি বসতিতে আনুমানিক ৫ লাখ ইহুদি বসবাস করছেন। এই বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।