পশ্চিম তীরে বসতি আরও বাড়াচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করবে বলে গত রোববার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এসব জমিতে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য বাড়ি বানানো হবে। খবর ওয়াশিংটন পোস্টের।
ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরোধিতাকারী ইসরায়েলি সংগঠন পিস নাউ বলেছে, ৩০ বছরের মধ্যে এটা ইসরায়েলের সবচেয়ে বড় ভূমি অধিগ্রহণ।
ইসরায়েলের সরকারি নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্তৃপক্ষ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভাষ্যমতে, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা’র ভিত্তিতেই ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে এলাকায় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে, ওই এলাকা থেকেই গত জুন মাসে তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। ওই ঘটনার জের ধরে ইসরায়েল গত ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। প্রায় দেড় মাসের ওই হামলায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়।
ইসরায়েল রোববার আনুষ্ঠানিকভাবে ওই এক হাজার একর জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রক্রিয়া শুরু করে। জমিগুলো পশ্চিম তীরের বেথলেহেম শহরের পশ্চিমের একটি এলাকায় অবস্থিত। সেখানে নয়টি ইসরায়েলি বসতি রয়েছে।
ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের নতুন পরিকল্পনার সমালোচনা করে বলেছে, ইসরায়েল যে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করতে চায়, এই পদক্ষেপ তার সুস্পষ্ট উদাহরণ।