পশ্চিম তীরে ২৫০০ বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আরও আড়াই হাজার বসতি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার এই বসতি স্থাপনের পরিকল্পনা পাস করেছে দেশটি।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আড়াই হাজার বসতি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারড কুশনারের ফাউন্ডেশন থেকে অর্থও নেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এ ব্যাপারে বলেছেন, বসতি স্থাপনের প্রয়োজন আছে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের বসতি স্থাপনের ঘোষণা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নতুন সংকট সৃষ্টি করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর থেকে ইসরায়েল দ্বিতীয়বারের মতো এই পরিকল্পনার ঘোষণা দিল। এর আগে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই এলাকায় বসতি স্থাপনের ব্যাপারে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও বেশি সহানুভূতিশীল। গত মাসে ওবামা প্রশাসন ইসরায়েলের চেষ্টা-তদবির অগ্রাহ্য করে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের নিন্দা করা একটি প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে। সে সময় ট্রাম্প ওবামা প্রশাসনের এই আচরণের সমালোচনা করেছিলেন।
১৯৬৭ সালে পশ্চিম তীরে প্রায় ১৪০টি বসতি স্থাপন করে ইসরায়েল। সেখানে প্রায় পাঁচ লাখ ইহুদি বসবাস করে। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। এরপরও ইসরায়েল সেখানে বসতি স্থাপনে চেষ্টা করে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আরও বসতি স্থাপনের পরিকল্পনা আজ পাস হয়েছে। এগুলোর মধ্যে রামাল্লায় স্থাপিত বসতির কাছে বেইত এল এলাকায় আর ১০০ বসতি স্থাপন করা হবে। আর এই বসতি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারড কুশনারের ফাউন্ডেশন থেকে অর্থ নেওয়া হয়েছে।
এই ঘোষণার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইটারে জানিয়েছেন, ‘আমরা বসতি স্থাপন করছি-এবং তা স্থাপন করে যাব।’
এ ব্যাপারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র বলেছেন, আজকের এই ঘোষণায় ইসরায়েল জাতিসংঘের প্রস্তাবকে অগ্রাহ্য করেছে। তিনি ইসরায়েলের বসতি স্থাপনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘বাস্তবসম্মত ও দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান।