পশ্চিম মসুলে ঢুকেছে ইরাকি সরকারি বাহিনী
ইরাকি সেনারা গতকাল শুক্রবার মসুল শহরের পশ্চিমের একটি এলাকায় প্রবেশ করেছে। জঙ্গি সংগঠন আইএস দখল থেকে শহরটি মুক্ত করতে সরকারি বাহিনী গত অক্টোবরে অভিযান শুরু করার পর এবারই প্রথম শহরের সে অংশে আক্রমণ করেছে।
মসুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রান্তে আল-মামুন এলাকায় অবস্থিত বিমানবন্দরটি সরকারি বাহিনী সদ্য পুনর্দখল করেছে। তারা সেখান থেকে কাছাকাছি একটি সেনাঘাঁটি পর্যন্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
আইএস জঙ্গিরা এখন ইরাক ও সিরিয়া উভয় দেশেই কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে। এ অবস্থায় তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার আল-বাব শহর থেকে গত বৃহস্পতিবার আইএসকে হটিয়ে দেয়। তবে গতকাল ওই বিদ্রোহীরা কাছাকাছি আরেকটি স্থানে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহত হয়েছে।
ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর কর্মকর্তা সামি আল-আরিদি বলেন, তাঁরা গাজলানি ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। পাশাপাশি তাল-আল রাইয়ান দখল করেছেন। এরপর আল-মামুনের দিকে আক্রমণ শুরু করেন।
অভিযানের আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে সেনাবাহিনী প্রচারপত্র ছড়িয়ে দেয়। মসুলে আটকে পড়া বেসামরিক লোকজনের অবস্থা নিয়ে জাতিসংঘ ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে। সেভ দ্য চিলড্রেনের ইরাক শাখার উপপরিচালক আরাম শাখারাম বলেন, গত বুধবার পর্যন্ত খুব কম মানুষই মসুল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছে। তখনো ওই এলাকায় প্রায় ৮ লাখ মানুষ অবস্থান করছিল। জাতিসংঘ গত মাসে বলেছে, মসুলে নিহতদের প্রায় অর্ধেকই বেসামরিক।