পশ্চিমবঙ্গে এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত এক মাসের মধ্যে গতকালই রাজ্যে সবচেয়ে কম দৈনিক আক্রান্ত শনাক্ত হয়েছে। জানুয়ারির শুরুর দিকে দৈনিক সংক্রমণের সংখ্যা ২৪ হাজার অতিক্রম করেছিল।

গতকাল শনিবার স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৪৫৯ জন আর মারা গেছেন ৩ জন। একই সময়ের মধ্যে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ২৮৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজ্যের ২৩টি জেলার মধ্যে করোনায় মৃত্যু হয়নি ১০ জেলায়। ১৩টি জেলায় মারা গেছেন ৩৫ জন। মৃত্যুশূন্য জেলাগুলো হলো আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুরা ও পূর্ব বর্ধমান।

গতকাল পর্যন্ত এই রাজ্যে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৭৯ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৫০ জনের।