পশ্চিমবঙ্গের ৮ আসনে চতুর্থ দফার ভোটে তারকাদের ভাগ্য পরীক্ষা

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে আজ সোমবার সকাল সাতটা থেকে নয়টি রাজ্যের ৯১টি আসনের ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে লোকসভার ৪২টি আসন।
এর আগে ১১, ১৮ ও ২৩ এপ্রিল তিন দফায় ভোট নেওয়া হয়। ওই তিন দফায় পশ্চিমবঙ্গের ১০টি আসন ছিল। আজ চলছে আটটি আসনে ভোট। এই আট আসন হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর আসন। প্রার্থী রয়েছেন ৬৮ জন। ভাগ্য পরীক্ষা হবে অভিনেত্রী মুনমুন সেন, শতাব্দী রায়, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, কংগ্রেসের অধীর চৌধুরীসহ আরও কয়েকজন নেতা–নেত্রীর। পশ্চিমবঙ্গের বাকি ২৪টি আসনের ভোট হবে আগামী ৬, ১২ ও ১৯ মে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।
আসানসোলে লড়ছেন তৃণমূলের মুনমুন সেন, বিজেপির সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং বামফ্রন্টের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। মুনমুন সেন গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। বাবুল সুপ্রিয় গত নির্বাচনে আসানসোলে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন।
কৃষ্ণনগরে লড়ছেন তৃণমূলের মহুয়া মৈত্র, বিজেপির কল্যাণ চৌবে এবং বামফ্রন্টের শান্তনু ঝা।
রানাঘাটে লড়ছেন তৃণমূলের রূপালী বিশ্বাস ও বামফ্রন্টের রমা বিশ্বাস।
বোলপুরে তৃণমূলের প্রার্থী অসিত মাল, বামফ্রন্টের রামচন্দ্র ডোম এবং বিজেপির রামপ্রসাদ দাস।
বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের সুনীল কুমার মণ্ডল, বিজেপির পরেশ চন্দ্র দাস এবং বামফ্রন্টের ঈশ্বর চন্দ্র দাসের মধ্যে লড়াই হচ্ছে।
বর্ধমান-দুর্গাপুর আসনে লড়ছেন তৃণমূলের মমতাজ সংঘমিতা, বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বামফ্রন্টের আভাস রায়চৌধুরী। আলুওয়ালিয়া গতবার বিজেপির টিকিটে দার্জিলিং কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। এবার তিনি মনোনয়ন পান বর্ধমান-দুর্গাপুর আসনে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে চলছে ভোট গ্রহণ। সকালে ভোট গ্রহণ শুরু হলে দু-একটা বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। বর্ধমান-দুর্গাপুর আসনের জেমুয়া বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর স্বল্পতার জন্য একাংশ ভোটার ভোট বয়কট করে। সেখানে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। একই ঘটনা ঘটেছে কৃষ্ণনগরের একটি ভোটকেন্দ্রেও। এ ছাড়া বহরমপুরের বিটি কলেজ কেন্দ্রে তৃণমূলের সমর্থকেরা ভোটদানে বাধা দিলে আপত্তি তোলেন কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে ছুটে আসেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এরপর পুলিশ এক ভুয়া ভোটারকে গ্রেপ্তার করে। বহরমপুরে এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলে কংগ্রেস।
নজরবন্দী তৃণমূলের ‘কুকথার সম্রাট’ অনুব্রত
আজ ভোট গ্রহণকে নির্বিঘ্ন করার জন্য নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ওপর কড়া নজরদারি আরোপ করেছে নির্বাচন কমিশন। এই রাজ্যে কুকথা বলার জন্য সেরা ব্যক্তি হলেন এই অনুব্রত মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। আর এর কারিগর ছিলেন এই অনুব্রত মণ্ডল। আজ বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূমে ভোট নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, অনুব্রত মণ্ডল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তাঁর মোবাইল ফোন থাকবে নিয়োজিত একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি যেতে পারবেন না কোনো ভোটকেন্দ্রে। শুধু একবার ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন; তবে কর্মী–সমর্থকদের সঙ্গে কথা বলতে পারবেন না। তাঁকে নিজের অফিসে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নজরবন্দী থাকতে হবে।