পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীর ও ইসরায়েলের জেরুজালেমে পৃথক ঘটনায় এক দিনে তিন কিশোরসহ পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের পুলিশ এবং সেনাবাহিনী। তাদের দাবি, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা করলে এসব ফিলিস্তিনিকে গুলি করে মারা হয়। খবর বিবিসির।
ইসরায়েলের পুলিশ বলেছে, একই দিন আরেক ঘটনায় হেবরন শহরে এক ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে আহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রতি ঘটনায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বা হামলার চেষ্টা চালানোর অভিযোগ করা হলেও এসবের কোনোটিতে কোনো ইসরায়েলি হতাহত হননি। খবরে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি ক্ষুব্ধ ফিলিস্তিনি বা ইসরায়েলি আরবদের হামলার ঘটনার মধ্যে এগুলোই সাম্প্রতিকতম। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘর্ষে নিহত হয়েছেন ২৬ ইসরায়েলিও।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, প্রথম ঘটনায় গত রোববার পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তাদের কিছু গাড়ি লক্ষ্য করে দুই ফিলিস্তিনি কিশোর ঢিল ছোড়ে। এ সময় ইসরায়েলি সেনারা সেখানে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে কিশোরদের একজন। তখন সেনারা পাল্টা গুলি ছুড়লে ১৫ বছর বয়সী ওই দুই কিশোর নিহত হয়।
ইসরায়েলি পুলিশের ভাষ্য, এ ঘটনার পর শহরের একটি তল্লাশিচৌকিতে ছুরি নিয়ে এক ফিলিস্তিনি কিশোর (১৭) কয়েকজন ইসরায়েলি পুলিশের দিকে তেড়ে যায়। চৌকিটিতে জেরুজালেমে প্রবেশ করা গাড়িগুলোতে তল্লাশি চালানোর সময় কিশোরটি এ ঘটনা ঘটালে এক পুলিশ কর্মকর্তা গুলি করে তাকে হত্যা করেন।
পুলিশের একজন মুখপাত্র বলেন, তৃতীয় ঘটনায় জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশের ওপর দুই ফিলিস্তিনি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালালে পাল্টা গুলি ছুড়ে তাঁদের হত্যা করা হয়।
পৃথক একটি ঘটনায় হেবরনে তল্লাশিচৌকিতে ফিলিস্তিনি এক কিশোরী ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালালে গুলি করে তাকে আহত করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে বার্তা সংস্থা মানসহ ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, নিজ বোনকে নিয়ে তল্লাশিচৌকি পেরিয়ে হেঁটে যাওয়ার সময় ১৪ বছরের কিশোরীটিকে ছয়টি গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার এক দিন আগে হেবরন শহরেই ১৮ বছরের এক ফিলিস্তিনি তরুণীকে গুলি করে মেরেছিল ইসরায়েলি সেনারা। তাঁর বিরুদ্ধেও ইসরায়েলি কর্মকর্তারা ছুরি নিয়ে হামলাচেষ্টার অভিযোগ তোলেন।
এদিকে, একদিনে পাঁচ ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনের সরকারি কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য জানা যায়নি। সংবাদদাতারা বলছেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সহিংসতা চললেও তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।