পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংস উত্তেজনা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দুজনকে হত্যা করা হয় গাজার খান ইউনিস এলাকায়। পৃথক ঘটনায় বাকি তিনজন নিহত হয় ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম শহরে।
এদিকে গাজায় ইসরায়েলি অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। খবর রয়টার্স ও বিবিসির।
গাজার জরুরি স্বাস্থ্যসেবা সূত্র জানায়, খান ইউনিস শহরের পূর্ব অংশে সংঘর্ষের সময় দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়। এদের একজন ১৩ বছর বয়সী মারওয়ান দারবাখ। ১৫ বছর বয়সী অপর কিশোরের নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় আহত হয় আরও আট ফিলিস্তিনি।
পূর্ব জেরুজালেমের ঘটনা সম্পর্কে ইসরায়েলি পুলিশ জানায়, সেখানকার ওল্ড সিটিতে গতকাল ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই কিশোর দুই ইহুদিকে ছুরিকাঘাত করেছিল।
পূর্ব জেরুজালেমে হত্যাকাণ্ডের দ্বিতীয় ঘটনাটি ঘটে শুয়াফাত উদ্বাস্তু শিবিরে। সেখানে পুলিশকে লক্ষ্য করে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পাথর, পেট্রলবোমা ও বোমা ছোড়ার সময় ফিলিস্তিনি এক যুবক গুলিতে নিহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ওই যুবক গাজায় ক্ষমতায় থাকা হামাসের সদস্য বলে জানিয়েছে দলটি।
তৃতীয় ঘটনাটি ঘটে ওল্ড সিটির দামেস্ক গেটে। ফিলিস্তিনি এক ব্যক্তি একজন ইহুদিকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাঁকে হত্যা করা হয়।
গত শুক্রবার গাজায় ইসরায়েল সামরিক অভিযান পরিচালনা করে। এতে ছয় ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এর জবাবেই গতকাল সকালে গাজার কট্টরপন্থী ফিলিস্তিনিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ করে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাযনি।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে গত ১১ দিনের সহিংসতায় ১৬ জন ফিলিস্তিনি ও চার ইসরায়েলি প্রাণ হারিয়েছে। গত মাসের মাঝামাঝি পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ইহুদিদের অনুষ্ঠান আয়োজন ও ফিলিস্তিনিদের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যেই শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়া ‘ইন্তিফাদা’ বা গণবিক্ষোভের ডাক দেন।